আন্তর্জাতিক

রণক্ষেত্র নেপালে সেনা শাসন, লুট-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৬

ভিডিয়ো, ছবি প্রমুখ-এর ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

Truth Of Bengal: তরুণদের বিপ্লবে এক কথায় রণক্ষেত্র নেপাল। ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো বহু ঘটনা ঘটেছে। পদত্যাগ করছেন বহু মন্ত্রী। দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী। প্রাণ হারিয়েছেন প্রাক্তন ক্রধানমন্ত্রীর স্ত্রী। এরই মাঝে মঙ্গলবার রাত থেকে চালু হওয়া বিশেষ নিরাপত্তা কৌশলের অধীনে নেপালি সেনা লুটপাটে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে। জেন জেড আন্দোলনের সুযোগ নিয়ে কিছু গোষ্ঠী লুটপাট ও ভাঙচুরে জড়িয়ে পড়ে, যার ফলে সেনা হস্তক্ষেপ করতে বাধ্য হয়। ভিডিয়ো, ছবি প্রমুখ-এর ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা লুট, অগ্নিসংযোগ এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। কাঠমান্ডু ও ভক্তপুর থেকে তাদের আটক করা হয়েছে।

তাদের মধ্যে পাঁচজনকে নিউ বানেশ্বর এলাকায় একটি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। অন্যদিকে, ভক্তপুর ও কাঠমান্ডুর বৌদ্ধ এলাকায় লুটপাটের সময় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সেনা জানিয়েছে, গত দুই দিনে জেন জেড আন্দোলন তীব্র হওয়ার পর সুযোগসন্ধানী গোষ্ঠীগুলি লুটপাট শুরু করায় বিশেষ অভিযান শুরু করা হয়।

নেপালি সেনা জনগণকে আহ্বান জানিয়েছে, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে সহযোগিতা করতে।

এছাড়া নাগরিকদের বলা হয়েছে, এরকম ঘটনা ঘটলে এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ভাইবারের মাধ্যমে সেনার মোবাইল নম্বর ৯৮৬৩০২৯০২৯–এ তথ্য পাঠাতে।

সম্প্রদায়গুলিকে ঐক্যবদ্ধ থাকার, নিজেদের এলাকা নজরে রাখার এবং নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগে সঠিক তথ্য ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেনা আরও সতর্ক করেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও অতিরঞ্জিত দাবির বিরুদ্ধে। জনগণকে শুধুমাত্র যাচাই করা তথ্যের উপর নির্ভর করতে বলা হয়েছে।

২৪ ঘণ্টা শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করে নেপালি সেনা বলেছে, নাগরিক সচেতনতা, সহযোগিতা, সম্প্রদায়ের ঐক্য এবং সঠিক তথ্য ভাগ করে নেওয়া জাতীয় নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Articles