রাজ্যের খবর

রাজ্যের গুরুদায়িত্ব মুখ্যমন্ত্রীর কাঁধে, কোন কোন দফতর নিজের হাতে রাখলেন শুভেন্দু?

নবান্নে শুভেন্দু-সাম্রাজ্য! নিজের হাতে রাখলেন স্বরাষ্ট্র-বিদ্যুৎ, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

Truth of Bengal: ছাব্বিশের মহা-পরিবর্তনের পর গত ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তার পর ১ জুন রাজভবনে বাকি ৩৫ জন সদস্য মন্ত্রী হিসেবে শপথ নিলেও, কার ভাগ্যে কোন দপ্তর জুটবে তা নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দপ্তর বণ্টন চূড়ান্ত করে দিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যাশামতোই, রাজ্যের শাসনব্যবস্থার মূল চাবিকাঠি তথা সবথেকে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি নিজের হাতেই রেখে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রথম দফায় শপথ নেওয়া বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রীদের দপ্তরেও শেষ মুহূর্তে বড়ো ধরনের রদবদল ঘটিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র-বিদ্যুৎ, অবণ্টিত দফতরের রাশও শুভেন্দুর কাছে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন সবথেকে সংবেদনশীল ও শক্তিশালী স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর। এ ছাড়াও তাঁর নিয়ন্ত্রণে থাকছে ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি এবং কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের আইন-শৃঙ্খলার পাশাপাশি শিল্পায়নের স্বার্থে বিদ্যুৎ ও ভূমির মতো গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের অধীনে রাখায় নবান্নের রাশ যে পুরোপুরি তাঁর হাতেই থাকছে, তা স্পষ্ট। এর বাইরেও যে সমস্ত দপ্তর অন্য কোনও মন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়নি, সেগুলির সিংহভাগ দায়িত্বও আপাতভাবে শুভেন্দুর হাতেই থাকবে।

নিশীথ-অগ্নিমিত্রার দফতরে বড় কোপ! ভাগ্য খুলল ইন্দ্রনীলের

এদিনের চূড়ান্ত তালিকায় সবচেয়ে বড় চমক মিলেছে নিশীথ প্রামাণিক ও অগ্নিমিত্রা পলের দফতরে। প্রথমে নিশীথকে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হলেও, পূর্ণাঙ্গ তালিকায় তাঁর সেই মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব। আর তাঁর ফেলে আসা ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পূর্ণ মন্ত্রী করা হয়েছে যুবনেতা ইন্দ্রনীল খাঁ-কে।

অন্যদিকে, অগ্নিমিত্রা পলের হাতে প্রথমে দু’টি দফতর থাকলেও, এদিন তাঁর দায়িত্ব কিছুটা কমানো হয়েছে। তাঁর কাছ থেকে নারী ও শিশু কল্যাণ দফতর নিয়ে দেওয়া হয়েছে মালতী রাভা রায়কে। অগ্নিমিত্রার কাছে এখন রইল শুধুমাত্র হাই-প্রোফাইল পুর ও নগরোন্নয়ন দফতর।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্য সামলাবেন শারদ্বত

মন্ত্রিসভার অন্য হেভিওয়েটদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বর্ষীয়ান বুদ্ধিজীবী তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের হাতে। অন্যদিকে, রাজ্যের কঙ্কালসার স্বাস্থ্য দফতরের হাল ফেরানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসক-নেতা শারদ্বত মুখোপাধ্যায়কে। এ ছাড়া কলকাতার হেভিওয়েট নেতা তাপস রায় পেয়েছেন বাণিজ্য ও শিল্প দফতর। আর এককালের দাপুটে বারাকপুরের নেতা অর্জুন সিংকে একই সঙ্গে শ্রম এবং পরিবহণ, এই দুই দফতরের পূর্ণ মন্ত্রী করা হয়েছে। ছাব্বিশের নতুন সরকারের এই মন্ত্রীদের পারফরম্যান্সের ওপরই এখন নির্ভর করছে আগামী দিনের বাংলার ভবিষ্যৎ।

Related Articles