ব্যারাকপুর থেকে ভায়া বাবুঘাট মেটিয়াবুরুজ পর্যন্ত চলবে ওয়াটার ট্যাক্সি! বড় ঘোষণা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের
পুজোর আগেই রাস্তায় নামছে ২০০+ বাস, আর গঙ্গাবক্ষে অত্যাধুনিক ওয়াটার মেট্রো! মেগা সিদ্ধান্ত পরিবহন মন্ত্রীর
Truth of Bengal: তিলোত্তমায় যানজটের দিন এবার অতীত হতে চলেছে। সড়কপথের চাপ কমাতে ও যাত্রী স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে এবার সোজা গঙ্গার বুকে ওয়াটার ট্যাক্সি এবং ওয়াটার মেট্রো চালুর মেগা পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার। শুক্রবার উলটো রথের শুভ তিথিতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার গোলঘর পার্কে একটি খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
পরিবহন মন্ত্রী জানান, দ্রুত যাতায়াতের সুবিধার্থে প্রথম দফায় ব্যারাকপুর থেকে ভায়া বাবুঘাট, মেটিয়াবুরুজ পর্যন্ত এই ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। কেবল স্বল্প দূরত্বের ট্যাক্সিই নয়, গঙ্গার বুকে যাতায়াতের জন্য দূরপাল্লার আধুনিক ভেসেল চালানোরও জোর প্রস্তুতি চলছে। মূল লক্ষ্য হল সড়কপথের ওপর নির্ভরতা কমিয়ে জলপথকে রাজ্যের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম করে তোলা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা। পাশাপাশি, আসন্ন দুর্গাপুজোর আগেই কলকাতা ও সংলগ্ন এলাকাগুলোতে সরকারি বাসের সংখ্যা বহুগুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।
রাজ্যে সরকার গঠনের পর থেকেই সড়ক ও জলপথের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালানোর জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে সবুজ সংকেত মিলেছে। উল্লেখ্য, বর্তমানে দেশের মধ্যে একমাত্র কোচিতেই এমন ওয়াটার মেট্রো চলে। কোচির আদলেই গঙ্গাতেও নামানো হবে পুরোপুরি পরিবেশবান্ধব, অত্যাধুনিক ব্যাটারিচালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট।
শুধু নতুন জলযানই নয়, বিশ্বব্যাংকের আড়াইশো কোটি টাকার আর্থিক সহায়তায় সেজে উঠছে সমগ্র গঙ্গাপাড়। নতুন করে রূপদান করা হয়েছে প্রায় ৫০টি জেটিকে, যেখানে বসানো হয়েছে আন্তর্জাতিক মানের স্মার্টকার্ড গেট। সার্বিক জলপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে ইতিমধ্যে ১৩টি নতুন ই-ভেসেল নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও ২২টি সর্বাধুনিক ভেসেল প্রস্তুত রাখা হয়েছে, যা খুব শীঘ্রই গঙ্গাবক্ষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।






