শুধু ব্যাটার নয়, বৈভব সূর্যবংশীকে বোলার হিসাবেও গড়ে তুলতে চায় ভারতীয় দল
তবে ভারতীয় দলের পরিকল্পনা শুধু তাঁর ব্যাটিং ঘিরেই সীমাবদ্ধ নয়।
Truth of Bengal: মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ১৯ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের ৭ উইকেটের জয়ে বড় ভূমিকা নেন তিনি। ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অর্ধশতরানের নজিরও গড়েছেন বৈভব।
তবে ভারতীয় দলের পরিকল্পনা শুধু তাঁর ব্যাটিং ঘিরেই সীমাবদ্ধ নয়। দলের অস্থায়ী বোলিং কোচ সুনীল যোশী জানিয়েছেন, ভবিষ্যতে বৈভবকে বোলার হিসাবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রেই তাঁর বোলিং নিয়ে আলাদা করে কাজ করা হবে। জাতীয় দলের প্রাক্তন স্পিনার সুনীল যোশী বলেন, আপাতত বৈভবের ব্যাটিংয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি অসাধারণ খেলছেন। হারারের মাঠ তাঁর কাছে সৌভাগ্যের, কারণ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেও এখানে দারুণ খেলেছিলেন। এবারও সেই মাঠেই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। বোলিংয়ের জন্য সময় পেলেই তাঁর সঙ্গে আলাদা করে কাজ শুরু হবে। বোলিংয়ে উন্নতি দেখা গেলেই সেই দিকেও দ্রুত নজর দেওয়া হবে।
এদিকে উদীয়মান পেস অলরাউন্ডার সূর্যাংশ শেডগেকে নিয়ে তুলনার প্রসঙ্গ উঠতেই সতর্ক সুনীল যোশী। তাঁর কথায়, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের নিজেদের জায়গা তৈরি করতে সময় লেগেছে। সূর্যাংশও প্রতিভাবান ক্রিকেটার। তাই তাঁকে সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে।
ভারতীয় দলের ব্যাটিং বিভাগের আরও কয়েকজন ক্রিকেটারের বোলিং নিয়েও আশাবাদী যোশী। অভিষেক শর্মা, তিলক বর্মা এবং হর্ষ দুবের মধ্যে ভাল বোলিং করার সামর্থ্য রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে তিলক বর্মার সঙ্গে নিয়মিত আলোচনা চলছে, যাতে তিনি কম রান দিয়ে বেশি ডট বল করতে পারেন এবং বোলিংয়ের মৌলিক বিষয়গুলিতে আরও উন্নতি করেন। তরুণদের ধাপে ধাপে গড়ে তুলেই ভবিষ্যতের শক্তিশালী দল তৈরি করতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।






