রাজ্যের খবর

“মিছিল বন্ধ! হাওয়া বের করে দেব!”, স্মার্ট মিটার ইস্যুতে ‘যাদবপুর পার্টি’কে হুঁশিয়ারি শুভেন্দুর

জোর করে চাপানো যাবে না স্মার্ট মিটার! রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই চরম নির্দেশ মুখ্যমন্ত্রীর

Truth of Bengal: সাধারণ গৃহস্থ গ্রাহকদের জন্য বড় স্বস্তির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে গৃহস্থের ক্ষেত্রে আর বাধ্যতামূলক থাকছে না বিতর্কিত স্মার্ট মিটার। বুধবার রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণ দিতে উঠে এই মেগা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের উপর জোর করে স্মার্ট মিটার কোনোভাবেই চাপিয়ে দেওয়া যাবে না। মূলত প্রয়োজনীয় পরিকাঠামো না থাকা এবং সাধারণ মানুষের ক্ষোভের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এদিন বিধানসভার ফ্লোর থেকে স্মার্ট মিটার বন্ধের দাবিতে আন্দোলনরত বামপন্থী সংগঠন ও এসইউসিআই-কে তীব্র রাজনৈতিক আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। কটাক্ষের সুরে তিনি বলেন, ”একটি সিদ্ধান্ত শুনলেই বামপন্থীদের হাওয়া পুরোপুরি বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ভারত সরকার গৃহস্থের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। পুরোটাই ঐচ্ছিক রাখা হচ্ছে।” বামেদের মিছিল-বিক্ষোভের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, ”মিছিল করা এবার থেকে বন্ধ! আমরা বিরোধীদের এই রাজনৈতিক চক্রান্ত করার সুযোগ আর দেব না। এই সরকার পুরোপুরি জনগণের পক্ষে এবং সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে।”

একই সঙ্গে তথাকথিত ‘যাদবপুর পার্টি’কেও চরম সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় তিনি বলেন, ”যাদবপুর পার্টি একটু সাবধানে থাকুন। আমার নজর কিন্তু সবকিছুর উপরেই রয়েছে, বেশি বাড়তে দেওয়া হবে না। মনে রাখবেন, এটি কোনও দুর্বল সরকার নয়, অত্যন্ত শক্তিশালী সরকার।”

স্মার্ট মিটারের পাশাপাশি এদিন রাজ্যের কৃষক ও শক্তি ক্ষেত্রে একগুচ্ছ স্বস্তিদায়ক নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষিকাজে সেচের খরচ কমাতে ‘পিএম কুসুম’ প্রকল্পের আওতায় সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতে অতিরিক্ত ২ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে ডিভিসি ও পাঞ্চেৎ মিলিয়ে ১০০০ মেগাওয়াটের মেগা পাওয়ার স্টোরেজ প্রজেক্ট তৈরি এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন ইউনিট স্থাপনের বড় রূপরেখা পেশ করেন। এছাড়াও কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের অধীনে রাজ্যের সীমান্ত ঘেঁষা ৯টি জেলায় বিদ্যুৎ সংযোগের প্রসারে আরও ১৫০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।

Related Articles