ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত, AI প্রযুক্তিতে বড় আবিষ্কার চণ্ডীগড়ে
এআই প্রযুক্তি ব্যবহার করে গল ব্লাডারের ক্যানসার চিহ্নিত করে প্রতিরোধ করার পদ্ধতি আবিষ্কার করেছেন।
Truth of Bengal: আজকাল ব্যাপক হারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এআই প্রযুক্তি ব্যবহার করে মারণ রোগ ক্যানসার চিকিৎসায় তাক লাগিয়ে দিয়েছেন চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর) এর একদল চিকিৎসক ও গবেষক। তাঁরা এআই প্রযুক্তি ব্যবহার করে গল ব্লাডারের ক্যানসার চিহ্নিত করে প্রতিরোধ করার পদ্ধতি আবিষ্কার করেছেন।
প্রাথমিক পর্যায়ে এআই প্রযুক্তির সাহায্যে আল্ট্রা সাউন্ড ইমেজ ব্যবহার করে গল ব্লাডারের ক্যানসার চিহ্নিত করা সম্ভব হয়েছে। চিকিৎসকদের মতে, প্রাণঘাতী গল ব্লাডারের ক্যানসার প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা কঠিন। গল ব্লাডারের পাথর থেকে মূলত মহিলাদের ক্ষেত্রে এই মারণ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। একেবারে চূড়ান্ত পর্যায়ে চিহ্নিত করা যায় রোগ। তখন চিকিৎসা করা কঠিন হয়ে যায়। চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর) এর রেডিওডায়গোনোসিস অ্যান্ড ইমেজিং বিভাগের চিকিৎসক ডক্টর পঙ্কজ গুপ্তার নেতৃত্বে গবেষণা চালানো হয়। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ল্যানসেট রিজিওনাল হেলথ-সাউথইস্ট এশিয়া নামক জার্নালে।
রুটিন এআই মডেলের চেয়ে আলাদা নতুন এআই সিস্টেম। রোগীর শরীরে বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে। একাধিক আল্ট্রা সাউন্ড ইমেজ পরীক্ষা করে দেখবে নয়া এআই সিস্টেম। এই গবেষণায় সাহায্য করেছেন কম্পিউটার বিজ্ঞানী কার্তিক বসু। উত্তর ভারতের ৪টি হাসপাতালে ক্যানসার রোগীদের ওপর এআই সিস্টেম পরীক্ষা করা হয়।


