শিমুরালি স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান
রেল সূত্রে জানা গিয়েছে, উচ্ছেদ অভিযানের আগে সংশ্লিষ্ট দোকানদারদের একাধিকবার নোটিশ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
Truth of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: দীর্ঘদিনের অবৈধ দখলদারি সরাতে নদিয়ার শিমুরালি রেল স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান শুরু করল ভারতীয় রেল। বৃহস্পতিবার সকাল থেকে স্টেশন সংলগ্ন রেলের জমিতে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। গোটা অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, উচ্ছেদ অভিযানের আগে সংশ্লিষ্ট দোকানদারদের একাধিকবার নোটিশ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহু দোকানদার সেই নির্দেশ পালন না করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। তবে কয়েকজন ব্যবসায়ী আগেই স্বেচ্ছায় নিজেদের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছেন।
অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য স্টেশন চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উপস্থিত রয়েছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), রেল পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। তাঁদের তত্ত্বাবধানেই উচ্ছেদ অভিযান চলছে।
রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেশনের পরিকাঠামো উন্নয়ন এবং রেলের জমি দখলমুক্ত করাই এই অভিযানের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসনিক উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
রেল সূত্রের বক্তব্য, ভবিষ্যতেও রেলের জমি দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা গেলেও, বৃহস্পতিবারের অভিযান ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।






