মাঝরাত থেকেই তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা! ১০ জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শুক্রবার দিনের প্রথমার্ধে বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর
Truth of Bengal: মাঝরাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি। সকাল গড়াতেই জল জমেছে একাধিক রাস্তায়। শুক্রবার দিনের প্রথমার্ধে বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ সারাদিনই মূলত মেঘলা থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মাঝরাত থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত চলতে পারে। কোথাও একটানা, কোথাও বিরতি দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিকেলের পর বৃষ্টির তীব্রতা কমলেও বিক্ষিপ্তভাবে আরও কয়েক পশলা বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। দিনের দ্বিতীয়ার্ধে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে এবং বৃষ্টির দাপটও ধীরে ধীরে কমবে। তবে নিচু এলাকাগুলিতে জল জমে সাময়িক দুর্ভোগ তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে কলকাতা-সহ অধিকাংশ এলাকায় দু’-এক পশলা হালকা বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।
উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই দু’দিন উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই। রবিবার থেকে ফের বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া। রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হতে পারে।





