নতুন বিধানসভা ভবন নির্মাণের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, ডিলিমিটেশন ও আসন বৃদ্ধি মাথায় রেখে পরিকল্পনার বার্তা
সেই কারণেই এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।
Truth of Bengal: ভবিষ্যতে বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং বিধায়কের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করে নতুন বিধানসভা ভবন নির্মাণের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী দিনে বর্তমান পরিকাঠামো পর্যাপ্ত নাও হতে পারে। সেই কারণেই এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে। শনিবার রাজ্য বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী দিনে ডিলিমিটেশন হলে ২৯৪টি আসন ৪০০-রও বেশি হতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই এখন থেকে ভাবতে হবে।”
তিনি জানান, নতুন বিধানসভা ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই নির্ধারিত রয়েছে। বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “জায়গা দেওয়া আছে। আপনারা দেখে আসুন। প্রাথমিক চিন্তাভাবনা এখন থেকেই শুরু করুন।”মহিলা প্রতিনিধিত্ব বৃদ্ধির সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডিলিমিটেশনের পাশাপাশি মহিলা সদস্যের সংখ্যা বৃদ্ধি পেলে বর্তমান বিধানসভা ভবনে সকলের বসার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে না। তাই ভবিষ্যতের প্রয়োজন বিবেচনা করে নতুন পরিকাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।নতুন বিধানসভা ভবন নির্মাণে অর্থ বরাদ্দ নিয়ে কোনও সমস্যা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলেন, “অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনও সমস্যা হবে না এই ক্ষেত্রে।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আগামী দিনে রাজ্যের নতুন বিধানসভা ভবন নির্মাণের পরিকল্পনা আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলেছে। যদিও প্রকল্পের সময়সীমা বা নির্মাণ সংক্রান্ত বিস্তারিত রূপরেখা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি।






