স্বরাষ্ট্র দফতর নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, চার পুলিশকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
এছাড়া, প্রাক্তন আইপিএস আধিকারিক পঙ্কজ দত্তকে তৎকালীন সরকারের নির্দেশে বেআইনিভাবে হয়রানির অভিযোগে বড়তলা থানার তৎকালীন তদন্তকারী আধিকারিক (আইও) সাধন দাসকে সাসপেন্ড করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Truth of Bengal: পুলিশের নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। শনিবার স্বরাষ্ট্র দফতর নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন সময়ে পুলিশি ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। পুলিশ ও সনাতনী সমাজের সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করে তিনি কয়েকটি নির্দিষ্ট ঘটনার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা করেন। শনিবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মৃতঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় কালিয়াগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেনকে অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে।
এছাড়া, প্রাক্তন আইপিএস আধিকারিক পঙ্কজ দত্তকে তৎকালীন সরকারের নির্দেশে বেআইনিভাবে হয়রানির অভিযোগে বড়তলা থানার তৎকালীন তদন্তকারী আধিকারিক (আইও) সাধন দাসকে সাসপেন্ড করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই ঘটনায় বর্তমানে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত পুলিশ আধিকারিক সুর্বণ দত্ত চৌধুরীকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানান তিনি।
জগদ্ধাত্রী বিসর্জনের সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উপর পুলিশি হামলার অভিযোগে পুলিশ আধিকারিক অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর প্রতিবাদের সময় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, সুন্দরবন জেলার তৎকালীন পুলিশ সুপার কোটেশ্বর রাও পুলিশবাহিনী নিয়ে গিয়ে কালীমূর্তিটি পুলিশ ভ্যানে তোলেন। এই ঘটনায় আইপিএস আধিকারিক কোটেশ্বর রাওকেও সাসপেন্ড করার ঘোষণা করেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনও ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। অতীতের অভিযোগগুলিও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।





