‘ছায়াসঙ্গী’ খুনের অভিযোগ! ৩ বছর পর পুলিশের জালে নবগ্রামের দাপুটে তৃণমূল নেতা
ছায়াসঙ্গী রুবেল খুনের মামলায় এবার শ্রীঘরে ‘বস’! নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতির গ্রেফতারে শোরগোল
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ। বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানার পাঁচগ্রাম এলাকায় তাঁর নিজের বাড়ি থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তিন বছর আগে অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া একটি খুনের মামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ জানুয়ারি রাতে নবগ্রাম থানার ডিগরিগঙ্গা গ্রামে একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেবুসা শেখ ওরফে রুবেল। এক সময় রুবেল ধৃত এনায়েতুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বা ‘ছায়াসঙ্গী’ হিসেবেই পরিচিত ছিলেন। সেই খুনের ঘটনার পরদিন, অর্থাৎ ১ ফেব্রুয়ারি নবগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলারই অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন ৪৪ বছর বয়সী এই তৃণমূল নেতা।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা শুরু হলেও, পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিচার করে ৩০২ ধারা (খুন) এবং ২৭ আর্মস অ্যাক্ট (বেআইনি অস্ত্র আইন) যুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে এই মামলায় অভিযুক্তের খোঁজ চালানোর পর বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
শুক্রবার ধৃত মহম্মদ এনায়েতুল্লাহকে মুর্শিদাবাদ জেলা আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠানো হয়। ব্লক স্তরের এই দাপুটে নেতার গ্রেফতারিতে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।






