আন্তর্জাতিক

‘কলকাতা পর্যন্ত হামলা চালাব!’, ভারতকে চরম হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Truth of Bengal: ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে এবার সরাসরি কলকাতার নাম টেনে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। শনিবার শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ দাবি করেন, ভারত নাকি ফের একটি ‘সাজানো হামলা’ বা ফলস ফ্ল্যাগ অপারেশনের ছক কষছে। এই কাল্পনিক অভিযানের প্রসঙ্গেই তিনি রীতিমতো আস্ফালন করে জানান, পালটা ব্যবস্থা হিসেবে পাকিস্তান এবার কলকাতা পর্যন্ত হামলা চালাতে পারে।

আসিফের অভিযোগ, ভারত সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটি সাজানো অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তাঁর দাবি, ‘‘ভারত একটা সাজানো অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে। তাতে সম্ভবত ওরা নিজেদের লোককেই ব্যবহার করবে। অথবা, ওদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করা হবে। ওরা কিছু মৃতদেহ ছুড়ে দেবে এবং দাবি করবে তারা সন্ত্রাসবাদী যাদের জব্দ করা হয়েছে।’’ যদিও এই চাঞ্চল্যকর অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে পারেনি ইসলামাবাদ। পাক সংবাদমাধ্যমের দাবি, গোয়েন্দা সূত্রে নাকি তারা এই খবর পেয়েছে এবং এতে কাশ্মীরের বাসিন্দাদেরও ব্যবহার করা হতে পারে।

পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ইতিবাচক ভূমিকা দেখে নয়াদিল্লি নাকি অস্বস্তিতে রয়েছে। সেই কারণেই ভারত নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি করতে চাইছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে আসিফ বলেন, পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে ভারতকে সাবধান হতে হবে।

ভারতের পক্ষ থেকে এখনও এই মন্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলের মতে, অভ্যন্তরীণ সমস্যা ও অর্থনৈতিক সংকট থেকে নজর ঘোরাতেই পাকিস্তান বারবার এই ধরনের ভিত্তিহীন ও অবাস্তব দাবি করে থাকে। কলকাতার মতো একটি শহরকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে আসিফ কার্যত আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই মনে করছেন, কোনো প্রমাণ ছাড়াই ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে এহেন মন্তব্য পাকিস্তানের দেউলিয়া কূটনীতিরই বহিঃপ্রকাশ।

Related Articles