কলকাতারাজ্যের খবর

কালবৈশাখীর দাপটে স্বস্তি দক্ষিণবঙ্গে, এক লাফে ৫ ডিগ্রি নামল কলকাতার পারদ

দক্ষিণবঙ্গের এই স্বস্তি একেবারেই সাময়িক

Truth of Bengal: চাতক পাখির মতো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গ জুড়ে আছড়ে পড়েছে স্বস্তির কালবৈশাখী। আর এই জোড়ালা ঝড়-বৃষ্টির দাপটে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবারের কালবৈশাখীর পর এক লাফে তা ৫ ডিগ্রি কমে গিয়ে দাঁড়িয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। তবে আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের এই স্বস্তি একেবারেই সাময়িক। আগামী সপ্তাহের শুরু থেকেই ফের চড়তে পারে পারদ।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে মিঠে রোদ দেখা গেলেও, মোটের উপর আকাশ মেঘলাই রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। রবিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও বদলের সম্ভাবনা নেই, অর্থাৎ সপ্তাহের শেষদিনেও মোটের উপর বজায় থাকবে এই স্বস্তি। যাঁরা ভাবছেন এই বৃষ্টির হাত ধরে স্থায়ীভাবে গরম কমবে, তাঁদের জন্য অবশ্য মন খারাপের খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই আবহাওয়া আবার শুষ্ক হতে শুরু করবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জুনের প্রথম সপ্তাহে ফের চেনা অস্বস্তি ও গরম ফেরার ইঙ্গিত রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। পরিস্থিতি আবার বদলাবে সপ্তাহের মাঝামাঝি সময়ে। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Related Articles