কর্তব্যরত অবস্থায় বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, করিমপুরে তদন্তে নামল পুলিশ
বিএসএফের পক্ষ থেকে মহারাষ্ট্রে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে
Truth Of Bengal: নদীয়ার করিমপুর সীমান্তে বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দানা বাঁধছে রহস্য। শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের রাণীনগর ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিদ্ধ হন ওই জওয়ান। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত আত্মহত্যা, তা নিয়ে শুরু হয়েছে জোরদার তদন্ত।
নিহত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডল, বয়স ৩৪ বছর। তিনি বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন এবং তার বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাঁওকি এলাকায়। শনিবার রাতে তিনি যখন ক্যাম্প পাহারার দায়িত্বে ছিলেন, তখনই আচমকা তার রাইফেলের নল থেকে গুলি বেরিয়ে সরাসরি থুতনির নিচে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে। বৈভবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার সহকর্মীরাও এই আকস্মিক ঘটনায় হতবাক। এটি কি স্রেফ অসাবধানতাবশত ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে মানসিক অবসাদজনিত কোনো কারণ রয়েছে—তা এখনো স্পষ্ট নয়। পুলিশ রবিবার নিথর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিএসএফ বা পুলিশ কোনো পক্ষই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে মন্তব্য করতে চাইছে না। ইতিমধ্যে বিএসএফের পক্ষ থেকে মহারাষ্ট্রে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, পুলিশ সব দিক খতিয়ে দেখছে।






