আন্তর্জাতিক

পাক সেনা কনভয়ে টিটিপি-র হামলা, নিহত অন্তত ১২ জওয়ান

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

Truth Of Bengal: পাকিস্তানের উত্তর-পশ্চিমে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। শনিবার ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনা কনভয়ে হামলা চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। হামলায় অন্তত ১২ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টের সময় কনভয়টি যখন এগোচ্ছিল, তখন সশস্ত্র জঙ্গিরা দুই দিক থেকে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কনভয় থেকে অস্ত্রও লুট করে নেয়।

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি তালিবান নামে পরিচিত এই জঙ্গি সংগঠন খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিয়মিত হামলা চালিয়ে আসছে। ২০১৪ সালে সেনা অভিযানে সংগঠনটিকে অনেকটাই দুর্বল করা হলেও সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা আবার বেড়েছে।

পাক সেনাবাহিনী জানিয়েছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চালানো পৃথক দুটি অভিযানে অন্তত ৩৫ জন টিটিপি জঙ্গি নিহত হয়েছে। বাজউরে ২২ জন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে সংঘর্ষে ১৩ জন জঙ্গি মারা যায়, যদিও সেখানে ১২ জন সেনাকেও প্রাণ হারাতে হয়।

Related Articles