দেশ

হিমাচলে পাহাড় থেকে ছিটকে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪

যাত্রীবাহী বাসটি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়

Truth of Bengal: হিমাচল প্রদেশের সোলানে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৪ জন পর্যটক। শনিবার রাতে সোলান থেকে হরিপুর ধরের অভিমুখে যাওয়ার সময় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে অন্ধকার রাস্তায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। হঠাতই বাসটি পাহাড়ি পথ থেকে ছিটকে খাদে পড়ে গেলে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। বাসটিতে চালকসহ মোট ২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধার হওয়া বাসটির অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে দুর্ঘটনার তীব্রতা কতটা ভয়াবহ ছিল। বাসটি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে।

তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা নিয়ে ধন্দ কাটেনি। পুলিশের প্রাথমিক অনুমান, বাসটিতে আসন সংখ্যার তুলনায় বেশি যাত্রী বোঝাই ছিল। চালকের অসাবধানতা নাকি গাড়ির কোনো যান্ত্রিক গোলযোগের কারণে এই বিপত্তি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Related Articles