জল্পনায় সিলমোহর! সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ প্রতীক উরের, সিপিএমকে আক্রমণ করে কী বললেন অভিষেক?
শনিবার আমতলা দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Truth Of Bengal: দীর্ঘদিনের জল্পনায় অবশেষে সিলমোহর দিলেন প্রাক্তন সিপিএম নেতা প্রতীক উর রহমান। শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। এদিন দলে প্রতীক উরের যোগদান করার পর সিপিএমকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কর্নাটকে সিপিএম সরকার রয়েছেন, তারা সেখানে কী করছেন?
View this post on Instagram
শনিবার আমতলা দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথভিত্তিক সংগঠন মজবুত করা এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক চলাকালীন প্রতীক উর সেখানে উপস্থিত না থাকলেও, আলোচনা শেষ হতেই তিনি দলীয় কার্যালয়ে পৌঁছন।
বেশ কিছুদিন ধরেই প্রতীক উরের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চা চলছিল। শনিবার বিকেলে তিনি আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় পৌঁছলে সেই জল্পনার অবসান ঘটে। দলীয় সূত্রে খবর, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করবেন। বাম ছাত্র-যুব আন্দোলনের একসময়ের পরিচিত মুখ প্রতীক উরের এই সিদ্ধান্ত ডায়মন্ড হারবার ও সংলগ্ন এলাকার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই দলবদল স্থানীয় বাম সংগঠনে বড় ধাক্কা। বিশেষ করে সংখ্যালঘু ও যুব ভোটারদের মধ্যে প্রতীকের যে পরিচিতি রয়েছে, তা তৃণমূলের ঝুলি আরও শক্ত করতে সাহায্য করবে। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজে সামিল হতেই বিরোধী শিবির ছেড়ে নেতা-কর্মীরা দলে যোগ দিচ্ছেন। তবে এই যোগদানের পর স্থানীয় সিপিএম নেতৃত্ব কী প্রতিক্রিয়া দেয়, এখন সেটাই দেখার।






