খেলা

অবসর ইঙ্গিত নেইমারের, বিশ্বকাপের আগেই কি শেষ অধ্যায়?

সাম্প্রতিক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, তিনি বছর ধরে এগোতে চান এবং চলতি বছরটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Truth Of Bengal: নেইমার—এক সময় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই যার নাম উচ্চারিত হতো। ব্রাজিল ফুটবলের শেষ বড় তারকা হিসেবেই ধরা হয় তাঁকে। কিন্তু চোট, অনিয়মিত ছন্দ এবং দীর্ঘ বিরতির জেরে এখন তাঁর কেরিয়ার দাঁড়িয়ে অনিশ্চয়তার মোড়ে।

সাম্প্রতিক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, তিনি বছর ধরে এগোতে চান এবং চলতি বছরটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের জার্সিতে ফেরার লক্ষ্যে সবটুকু উজাড় করে দিতে চান তিনি। তবে বছর শেষে অবসর নিয়ে ভাবনার কথাও উড়িয়ে দেননি। তাঁর এই মন্তব্যেই জোর জল্পনা—বিশ্বকাপের আগেই কি শেষ হতে চলেছে এক উজ্জ্বল অধ্যায়?

২০২৩ সালের পর থেকে চোটই বড় বাধা। শৈশবের ক্লাব সান্তোস এফসিতে ফেরার পরও পুরোপুরি সুস্থ হতে পারেননি। অস্ত্রোপচারের পর মাঠে ফেরা কঠিন হয়ে উঠেছে। জাতীয় দলেও দীর্ঘদিন অনুপস্থিত তিনি। নতুন কোচ কার্লো আনচেলোত্তি-র অধীনে এখনও সুযোগ পাননি, ফলে দলে তাঁর ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।

তবু আশা ছাড়ছেন না নেইমার। তাঁর লক্ষ্য পরিষ্কার—শেষবারের মতো নিজের সেরাটা দেখানো। এখন দেখার, সেই লড়াই তাঁকে বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে আনে, নাকি অবসরই হয়ে ওঠে তাঁর পরবর্তী সিদ্ধান্ত।

Related Articles