ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ: মসজিদের গেটে আটকানো হতেই নিজেকে ওড়াল আত্মঘাতী জঙ্গি
দুপুরের দিকে মসজিদের সামনে বিস্ফোরণ ঘটতেই গোটা এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Truth Of Bengal: শুক্রবার জুম্মাবারের দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটল। শহরের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা শিয়া মসজিদের সামনে এই বিস্ফোরণে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৮০ জন।
দুপুরের দিকে মসজিদের সামনে বিস্ফোরণ ঘটতেই গোটা এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ইসলামাবাদ পুলিশ জরুরি অবস্থা ঘোষণা করে। পাক সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসলামাবাদ’ জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃতি ও উৎস নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, হামলার সময় জুম্মার নামাজের কারণে মসজিদে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিলেন। আত্মঘাতী হামলাকারী মসজিদের ভিতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে গেটের কাছেই আটকান। কিন্তু সেই অবস্থাতেই বিস্ফোরণ ঘটায় সে, যার ফলে এত বড় প্রাণহানির ঘটনা ঘটে।
ঘটনার ভয়াবহতা ধরা পড়েছে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। সেখানে দেখা গিয়েছে, রাস্তায় আগুনে ঝলসে যাওয়া দেহ পড়ে রয়েছে, অনেকের হাত-পা ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। বিস্ফোরণে মসজিদের একটি ফটক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের নভেম্বরে ইসলামাবাদের একটি আদালত চত্বরে আত্মঘাতী হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। ফের একই ধরনের হামলায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।






