শাস্তির ভয় না কি বিশাল জরিমানা? ভারতের বিরুদ্ধে খেলতে নামা নিয়ে শেষ পর্যন্ত নরম করল পাকিস্তান
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন না পাক ক্রিকেটাররা।
Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপে কি দেখতে পাওয়া যাবে ভারত-পাকিস্তান ম্যাচ? শেষ পাওয়া খবর বলছে, ভারত-পাক ক্রিকেট সম্পর্কের বরফ কিছুটা গলার মুখে। কিন্তু বয়কট ভুলে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে কিনা, সেই বল এখন প্রায় পুরোটাই পিসিবি-র কোর্টে। তবে, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে শাস্তির ভয় এবং বিশাল অঙ্কের জরিমানার চাপের কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুর বর্তমানে বেশ কিছুটা নরম হয়েছে। তবে একাধিক শর্তও রাখা হয়েছে মহসিন নকভিদের তরফ থেকে। খুব শীঘ্রই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন না পাক ক্রিকেটাররা। তবে তা নিয়ে তখনও আইসিসি-কে লিখিতভাবে তারা কিছু জানায়নি। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাক বোর্ডকে কড়া চিঠিও লেখে। টিকিট বিক্রির কথাও তুলে ধরা হয়। তাছাড়াও আর্থিক, পর্যটন খাতে ক্ষতির সম্ভাবনার কথাও তুলে ধরা হয় গত শুক্রবার। কিন্তু পাকিস্তান সরকার অনুমতি দেয়নি বলে ভারতের বিরুদ্ধে খেলা যাবে না, এটাই পিসিবি-র অবস্থান ছিল। এতদিন এই বিষয়ে কিছু না বললেও রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় লাহোরে পিসিবি-র দফতরে ম্যারাথন বৈঠক হয় এই নিয়ে। আইসিসি-র প্রতিনিধি হিসাবে সেখানে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহের সহকারী ইমরান খোয়াজা এবং মোবাশির উসমানি। বৈঠকে ছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। ছিলেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি-র সিইও সংযোগ গুপ্তাও ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে যোগ দেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের বিরুদ্ধে খেলার জন্য তিনটি শর্ত রেখেছে পিসিবি। শোনা যাচ্ছে, তার মধ্যে পার্টিসিপেশন ফি বাড়ানো থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ চালু করা, এমনকি ক্রিকেটারদের মধ্যে করমর্দনের বিষয়গুলিও তোলা হয়েছে। তবে দ্বিপাক্ষিক সিরিজ বা করমর্দন ইস্যু নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর। সেখানে ক্রিকেটের নিয়ামক সংস্থা নাক গলাতে পারে না।
তবে ভারতের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে পাকিস্তান যে পিছু হটতে পারে, সেই আভাস আগেও পাওয়া গিয়েছিল। বিশ্বকাপের মতো মঞ্চে, যেখানে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেখানে ভারত ম্যাচ বয়কটের মতো আত্মঘাতী সিদ্ধান্ত তারা নিতে চাইবে না বলেও মনে করছে আন্তর্জাতিক ক্রিকেট মহল। তবে আগামী রবিবার, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলতে নামবে কিনা, তা জানা যাবে খুব তাড়াতাড়ি।






