আন্তর্জাতিক

ফের কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা শাহবাজের

তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলি কার্যকর করতেই হবে।

Truth Of Bengal: ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার ফের কাশ্মীরবাসীর প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানাল পাকিস্তানের সামরিক ও অসামরিক নেতৃত্ব। এই উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীর বিরোধ প্রসঙ্গে ভারতকে বার্তা দেন। একই সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে কাশ্মীর ইস্যুতে সমর্থনের কথা ঘোষণা করেন।

পাক-অধিকৃত কাশ্মীর থেকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জারদারি বলেন, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিবাদের সমাধান সম্ভব শুধুমাত্র কাশ্মীরের মানুষের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার মাধ্যমে। তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলি কার্যকর করতেই হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হবে।

কাশ্মীর সংহতি দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ২০২৫ সালে পহেলগাঁও ও ‘অপারেশন সিঁদুর’ পরিস্থিতিতে ভারত-পাক সংঘর্ষের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, ওই সময় কূটনৈতিক স্তরে কাশ্মীর ইস্যু আবারও ‘পূর্ণ শক্তিতে পুনরুজ্জীবিত’ হয়েছিল। পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নার উদ্ধৃতি দিয়ে শাহবাজ বলেন, কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’ এবং এটাই দেশের বিদেশনীতির মূল ভিত্তি।

এদিন শাহবাজ শরিফ কাশ্মীর প্রসঙ্গকে প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেন। বক্তব্যে তিনি জঙ্গি নেতা বুরহান ওয়ানি, বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানি, ইয়াসিন মালিক, মিরওয়াইজ ওমর ফারুক এবং আসিয়া আন্দ্রাবির নাম উল্লেখ করেন, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

অন্যদিকে, এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান আসিম মুনির-সহ তিন বাহিনীর শীর্ষ নেতৃত্ব কাশ্মীরবাসীর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে সেনাপ্রধান বিভিন্ন সামরিক এলাকাও পরিদর্শন করেন বলে জানানো হয়েছে।

Related Articles