Zelensky Meeting: যুদ্ধের ইতি টানতে ত্রিপাক্ষিক বৈঠক? ট্রাম্পের মধ্যস্থতায় এবার মুখোমুখি পুতিন-জেলেনস্কি
সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এই ত্রিপাক্ষিক বৈঠক হবে আমেরিকা, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে।
Truth of Bengal: সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউরোপীয় নেতারাও। প্রথমে জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠক করেন ট্রাম্প, পরে ইউরোপীয় নেতারাও যোগ দেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলাকালীনই তার মাঝপথে একবার ইন্টারভ্যাল নেন ট্রাম্প। আর সেই সময়ই তিনি ফোনে যোগাযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এই ত্রিপাক্ষিক বৈঠক হবে আমেরিকা, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। মস্কোর সংবাদমাধ্যমের দাবি, প্রায় ৪০ মিনিট ধরে কথা হয়েছে দুই প্রেসিডেন্টের। যদিও পরে জানা যায়, এই প্রস্তাবিত ত্রিপাক্ষিক বৈঠকের আগে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হবে, যে বৈঠকে থাকবেন শুধুমাত্র পুতিন এবং জেলেনস্কি (Zelensky Meeting)।
আরও পড়ুনঃ Jatra Revival: নজরুল মঞ্চে শুরু হয়েছে সাত দিনের যাত্রা কর্মশালা উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ
কিন্তু এই দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে কী বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি সংবাদমাধ্যমকে জানান, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়াই প্রস্তাব দিয়েছিল। তাঁর বক্তব্য, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে কোনও ধরনের আলোচনার জন্য তিনি প্রস্তুত। তবে সেই আলোচনার জন্য কোনও আগাম শর্ত চাপানো চলবে না। জেলেনস্কি বলেন, ‘আমি মনে করি নিঃশর্তভাবে আমাদের বৈঠকে বসা উচিত। যুদ্ধ থামানোর এই উদ্যোগকে আরও প্রসারিত করার বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত।’ ইউক্রেনের প্রেসিডেন্টও তাঁর তরফ থেকে এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কোনও শর্ত আরোপ করতে চাইছেন না বলে জানিয়েছেন (Zelensky Meeting)।
সোমবার জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র প্রধান মার্ক রুট। রুশ-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর দাবি করেন, আলোচনার অগ্রগতির জন্য যুদ্ধবিরতিতে রাজি হতেই হবে রাশিয়াকে (Zelensky Meeting)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এর আগে গত সপ্তাহেই আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তাতে যুদ্ধ নিয়ে ট্রাম্প এবং পুতিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কিছুটা কেটেছে বলেই মনে করা হচ্ছে। ওই বৈঠকের আগে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেছিলেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরেও ফোন করেছিলেন জেলেনস্কিকে। ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তখন থেকেই পাওয়া যাচ্ছিল। এবার পুতিন এবং জেলেনস্কির মুখোমুখি বসারও সম্ভাবনা তৈরি হল। তবে কবে, কোথায় বৈঠক হবে তা এখনও স্পষ্ট হয়নি (Zelensky Meeting)।






