রাজ্যে রকেট গতিতে শিল্পের জয়যাত্রা! ঐতিহাসিক শিল্প ও জমি নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
বলপ্রয়োগ নয়, বাজারমূল্যের আড়াই গুণ ক্ষতিপূরণে সোজা জমি কিনবে সরকার!
Truth of Bengal: দীর্ঘদিনের শিল্পখরা কাটিয়ে অবশেষে বাংলায় নতুন সূর্যোদয়ের পালা! রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে ত্বরান্বিত করতে এবং শিল্পস্থাপনের পথ প্রশস্ত করতে বৃহস্পতিবার ইকো পার্ক থেকে এক যুগান্তকারী ও নতুন শিল্প নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া শিল্প ও জমি সংক্রান্ত ভুলভ্রান্তি এবং লালফিতের ফাঁস সম্পূর্ণ দূর করে ‘ডবল ইঞ্জিন’ সরকারের হাত ধরে রাজ্যে এখন শিল্পায়নে রকেট গতি আনতে চলেছে প্রশাসন।
নতুন শিল্পনীতি ও লালফিতের ফাঁসে বড় ছাড়
বৃহৎ শিল্পগোষ্ঠী থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পমহল, সকলেই এতদিন এই নতুন নীতির দিকে তাকিয়ে ছিল। বিগত সরকারের আমলে শিল্পে ইনসেনটিভ পলিসি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা ফিরিয়ে আনল বর্তমান সরকার। রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, ১০০ কোটি টাকা পর্যন্ত লগ্নির ক্ষেত্রে আর কোনও লালফিতের ফাঁসে আটকে থাকতে হবে না। পাশাপাশি, তৃণমূল জমানার শেষ দিকে বিনিয়োগকারীরা প্রতিশ্রুতি অনুযায়ী যে ইনসেনটিভ পাননি, সেই বকেয়া প্রায় ১৮ হাজার কোটি টাকার অঙ্ক মেটানোর জন্য আদালত ও প্রশাসনের স্তরে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। দক্ষ শ্রমিকদের কাজে লাগানো এবং বিনিয়োগে একাধিক ইনসেনটিভের ঘোষণা করা হয়েছে।
সিঙ্গুর-নন্দীগ্রামের অতীত ভুলে নতুন জমিনীতি
শিল্পের সবচেয়ে বড় অন্তরায় ছিল জমি জট। সেই সমস্যা মেটাতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বে গঠিত মন্ত্রীগোষ্ঠী একটি আধুনিক লগ্নি ও ইনসেনটিভ নির্ভর নতুন জমি নীতির প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে। অতীত সরকারের মতো বলপ্রয়োগ করে জমি অধিগ্রহণের পথে না হেঁটে, বাজারদরের চেয়ে ঢের বেশি (সর্বোচ্চ আড়াই গুণ পর্যন্ত) ক্ষতিপূরণ দিয়ে সরাসরি জমির মালিকদের কাছ থেকে জমি কেনার নীতি নিয়েছে সরকার।
পঞ্চমন্ত্রী দিলীপ ঘোষ এই প্রসঙ্গে জানান, অতীতে জোর করে জমি নেওয়ার ফলে কোনও শিল্পও হয়নি, কৃষিকাজও মার খেয়েছে। বর্তমান সরকার সেই ভুল পুনরাবৃত্তি করছে না। ইতিমধ্যেই সীমান্তে বিএসএফ, রেল এবং বিমানবন্দরের জমির জট যে পদ্ধতিতে মেটানো হয়েছে, ঠিক সেই পথ ধরেই শিল্পের সংকটও চিরতরে ঘোচাতে বদ্ধপরিকর রাজ্য। নতুন এই নীতি বাংলার অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের জোয়ার আনবে বলেই মনে করা হচ্ছে।





