কলকাতা

“মৃতদেহ খোঁজে বিজেপি’, শকুনের রাজনীতি করে বিজেপি”- আনন্দপুর কাণ্ডে শাহকে তোপ অভিষেকের

আনন্দপুরের ঘটনাকে দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক আখ্যা দেওয়ার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে শকুনের রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।

Truth of Bengal: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। শনিবার বারাকপুরের সভা থেকে এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সেই আক্রমণের কড়া জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনন্দপুরের ঘটনাকে দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক আখ্যা দেওয়ার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে শকুনের রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে, কোনও দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা বিজেপির পুরনো অভ্যাস। তাঁর মতে, বিজেপি সব সময় মৃতদেহ খুঁজে বেড়ায় এবং মৃত্যুর রাজনীতি করে। তিনি প্রশ্ন তোলেন, আনন্দপুরের ঘটনার জন্য যদি মুখ্যমন্ত্রী দায়ী হন, তবে কিছুকাল আগে গোয়ার নাইট ক্লাবে লাগা আগুনের দায় কি নরেন্দ্র মোদী নেবেন? একইভাবে ইন্দোরে পানীয় জল খেয়ে ২৫ জনের মৃত্যুর দায় কার ওপর বর্তাবে, সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি। একটি বেসরকারি গুদামের ভেতরে কী পরিস্থিতি রয়েছে তা সরকারের পক্ষে সব সময় তদারকি করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তৃণমূল সাংসদ আরও জানান যে, এই দুর্ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনও গাফিলতি করা হয়নি। দমকল ও জেলা প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। ইতিমধেই গুদামের মালিক এবং ওয়াও মোমো কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনার পেছনে যারই হাত থাকুক না কেন, অভিযুক্ত ব্যক্তি যত বড় শিল্পপতিই হন, সরকার কাউকে রেহাই দেবে না। জনগণের উদ্দেশ্যে তিনি আবেদন করেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে সংশ্লিষ্ট শিল্পপতির উপস্থিতি নিয়ে বিজেপির তোলা অভিযোগকেও এদিন নস্যাৎ করে দেন অভিষেক। পাল্টা আক্রমণ শাণিয়ে তিনি বলেন যে, নীরব মোদি বা মেহুল চোকসির মতো ব্যক্তিরা যারা দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন, তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা গিয়েছে। ফলে বিদেশ সফরের ছবি নিয়ে কথা বলে বিজেপি কেবল লোক হাসাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Related Articles