খেলা

কুলদীপ-প্রসিদ্ধের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে

তার পর ডি’কক ও অধিনায়ক তেম্বা বাভুমা দ্বিতীয় উইকেটে ১১৩ রান করে ভারতীয় শিবিরে চাপ বাড়ান।

Truth Of Bengal: টানা ২০টি এক দিনের ম্যাচে টস হারার পর অবশেষে ভাগ্য খুলল ভারতের। বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক কে এল রাহুল। আর সেই সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করলেন ভারতীয় বোলাররা। কুইন্টন ডি’ককের সেঞ্চুরি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানে অলআউট করে সিরিজে প্রত্যাবর্তনের মঞ্চ সাজালেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।২০২৩ সালের ১৫ নভেম্বরের পর এদিনই প্রথম ওয়ান ডেতে টস জিতল ভারত। টস জেতার পর রাহুলের মুখে চাপমুক্ত হাসি। সাজঘরে ফেরার সময় তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন হর্ষিত রানা ও ঋষভ পন্থদের মতো সতীর্থরা।

প্রথম ওভারেই অর্শদীপ ফিরিয়ে দেন রায়ান রিকেলটনকে। তার পর ডি’কক ও অধিনায়ক তেম্বা বাভুমা দ্বিতীয় উইকেটে ১১৩ রান করে ভারতীয় শিবিরে চাপ বাড়ান। বাভুমা ৪৮ রানে আউট হলেও ডি’কক আগ্রাসী মেজাজ ধরে রেখে শতরান পূর্ণ করেন। ব্রিৎজকের সঙ্গে তাঁর ৬৪ রানের জুটিতে স্কোর তিনশো ছাড়াবে বলেই মনে হচ্ছিল।কিন্তু সেখানেই ধাক্কা দেয় ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ এক ওভারে ফিরিয়ে দিলেন ডি’কক ও মার্করামকে। আর তাতেই প্রোটিয়া ইনিংসের মেরুদণ্ডই ভেঙে যায়। এরপর আক্রমণে যোগ দেন কুলদীপ যাদব। এরপরেই একে একে ফিরে যান ব্রেভিস, জ্যানসেন, বশ ও এনগিডি। মাত্র এক ওভারেই ব্রেভিস ও জ্যানসেনকে ফেরানো ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।প্রসিদ্ধ কৃষ্ণ  ৪ এবং কুলদীপ যাদব নেন ৪ টি উইকেট।অর্শদীপ, জাডেজারা করেন প্রয়োজনীয় সাপোর্ট।  শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।এই পিচে পেসারদের তেমন সহায়তা নেই। স্পিনাররা কিছুটা সাহায্য পেলেও রাতে শিশির নামলে তা কমে যাবে বলেই ধারণা। রোহিত শর্মা–বিরাট কোহলি চমৎকার ছন্দে থাকায় ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে খুব একটা সমস্যা নয়।টেস্টে বিপর্যয়ের পর সিরিজে প্রত্যাবর্তনের আদর্শ সুযোগ পেয়েছে ভারত।

ভারতের প্রথম একাদশ:  রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ)

দক্ষিণ আফ্রিকার  প্রথম একাদশ: রায়ান রিকেলটন, কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টম্যান