খেলা

বাইশ গজকে চিরতরে বিদায় ধোনির, এবার চেন্নাইয়ে নয়া দায়িত্বে ‘থালা’

একটি সোনালি অধ্যায়ের অবসান! আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি, কোন নতুন ভূমিকায় থাকছেন থালা?

Truth of Bengal: ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের একটি সোনালি অধ্যায়ের অবসান ঘটল। আইপিএল (IPL) থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করলেন কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। রিটেনশনের চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই নিজের কেরিয়ারের এই বড় সিদ্ধান্তটি নিয়ে ফেললেন ৪৫ বছর বয়সী ‘থালা’। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ভক্তদের ভালবাসায় আইপিএলের মঞ্চে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ক্রমাগত চোট-আঘাত এবং বিশেষ করে হাঁটুর সমস্যার কারণে গত মরশুমে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি মাহি। অবশেষে বাইশ গজের লড়াইকে বিদায় জানালেন তিনি।

যদিও খেলোয়াড় হিসেবে অবসর নিলেও চেন্নাই সুপার কিংসের (CSK) সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক ছিন্ন হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, আগামী দিনে সিএসকে-র মেন্টর হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাই সুপার কিংসের কর্ণধার এন শ্রীনিবাসন এক আবেগঘন আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছেন, “এরকম প্লেয়ার একজনই আসে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই বন্ধন আজীবন থেকে যাবে। শুরু থেকেই আমাদের সফরের কেন্দ্রবিন্দু ছিলেন ধোনি। নেতৃত্ব দেওয়া থেকে পরের প্রজন্মকে তৈরি করা, থালা আমাদের এক অবিচ্ছেদ্য অংশ। চেন্নাই সবসময় আপনার ঘর হিসেবেই থাকবে।”

আইপিএলের ইতিহাসে ধোনির পরিসংখ্যান ও সাফল্য ঈর্ষণীয়। টুর্নামেন্টে মোট ২৫৬টি ম্যাচ খেলে ২২২টি ইনিংসে তাঁর সংগ্রহ ৫,১৪১ রান, যার মধ্যে রয়েছে ২৪টি ঝকঝকে অর্ধশতরান। তাঁর ক্ষুরধার নেতৃত্বেই ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে মোট পাঁচবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে চেন্নাই। এছাড়াও জিতেছেন দু’টি চ্যাম্পিয়ন্স লিগ এবং দলকে তুলেছেন ১০ বার আইপিএল ফাইনালে।

২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর নেতৃত্ব ছেড়ে দিলেও দলের প্রয়োজনে ফের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। বর্তমানে নতুন করে সাজানো হচ্ছে চেন্নাই শিবিরকে। সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়দের হাত ধরে এবং নতুন কোচ জাহির খানের তত্ত্বাবধানে ২০২৭ সালের আইপিএলে নামবে ‘নতুন’ চেন্নাই। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে (মাঝে দু’বছর বাদে) হলুদ জার্সিতে যে আবেগ ও উন্মাদনা তৈরি করেছিলেন ধোনি, মাঠের বাইরে ডাগআউটে বসে এবার সেই প্রজন্মকেই পথ দেখাবেন প্রিয় মাহি। তবে প্রিয় তারকাকে আর ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় না দেখার খবরে স্বাভাবিকভাবেই মনখারাপ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ধোনি-ভক্তের।

Related Articles