খেলা

পাকিস্তানের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নবমবার চ্যাম্পিয়ন

আল আমেরাতের মাঠে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে।

Truth of Bengal: দাদারা পাকিস্তানের মুখোমুখি হলে জয় অনিবার্য, কিন্তু এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে পড়শি দেশের কাছে হেরে গিয়েছিল ভারত। আর এদিনের ফাইনালেও হারের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে পাক বধ করে ভারত বুঝিয়ে দিল, আমরাই আসল দাদা, দাদাগিরিটা আমাদেরই মানায়! শেষ উইকেটের লড়াই, শেষ ওভারের স্নায়ুর চাপ, শেষ বলে চার। এমন রুদ্ধশ্বাস ফাইনাল যে ক্রিকেটপ্রেমীদের বহুদিন মনে থাকবে, তা বলাই যায়। পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ঘরে তুলল ভারত।

আল আমেরাতের মাঠে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। উসমান খানের শতরান এবং আবদুল কাদির ও অধিনায়ক ফারহান ইউসুফের অর্ধশতরান ভারতীয় বোলারদের যথেষ্ট চাপে ফেলে দেয়। উসমান করেন ১০৭ বলে ১০৭ রান। কাদিরের সংগ্রহ ৫৪ বলে ৮০। ফারহান করেন ৬০ বলে ৬৩ রান। ভারতের হয়ে কাব্য পরেশ প্যাটেল ৬৮ রানে চারটি উইকেট নেন। চিগুরুপতি ভেঙ্কটের শিকার তিনটি উইকেট।

৩৩৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে লড়াই করলেও ভারতীয় ইনিংসে ধাক্কা লাগে মিডল অর্ডারে। একের পর এক উইকেট পড়তে থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। অথচ এই ম্যাচে ভারতের সামনে ছিল গ্রুপ পর্বের হারের বদলা নেওয়ার সুযোগ। সেই স্বপ্নও একসময় ফিকে হতে শুরু করে।

তবে ভারতীয় ক্রিকেটের আসল চরিত্রটাই যেন প্রকাশ পেল বিপদের মুহূর্তে। হাল ছাড়েনি কেউ। বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ অবদান। তবে রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড় ১২ বলে ১৯ রান করে এদিন ভরসা জোগাতে পারেননি।

এখানে অবশ্য আর্যবীরের ইনিংসটি আলাদা করে উল্লেখ করতেই হবে। ৬১ বলে ৫৮ রান করেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে নটি চার। অধিনায়ক লক্ষ্ম্য রাজেশ রাইচন্দানিও ১০১ বলে ৮০ রানের মূল্যবান ইনিংস খেলেন। দুই ওপেনারের ৯৫ রানের জুটি ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েছিল। রাহুল দ্রাবিড়ের পুত্র অনভয় দ্রাবিড়ের ব্যাট থেকেও আসে ১২ বলে ১৯ রান। তিনটি চার মেরে দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন তিনি। তবে রান আউট হয়ে ফিরে যান অনভয়। তাঁর বিদায়ের পরেও বিপদ কাটেনি ভারতের।

মিডল অর্ডারের ধাক্কা সামলে মনল চৌহান ৩২ বলে ৪৭ রান করে লড়াই চালান। কিন্তু ৪৭.২ ওভারে ৩০৯ রানে নবম উইকেট পড়তেই ফের আশঙ্কার কালো মেঘ। জয়ের জন্য তখনও প্রয়োজন ২৯ রান। হাতে মাত্র একটি উইকেট। পাকিস্তানের জয় তখন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু মোহিত উলভা যেন অন্য কিছু ভেবেই নেমেছিলেন। মাত্র ২৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৪৯ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষ দিকে চিগুরুপতি ভেঙ্কটের আট বলে অপরাজিত ১১ রানও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল আট রান। পাকিস্তানের হাতে তখন জয়ের জন্য দরকার ছিল মাত্র একটি উইকেট। কিন্তু চাপের মুখে ভেঙে পড়েননি মোহিত। চার, ছক্কা, সিঙ্গল— সব মিলিয়ে শেষ ওভারে ১৭ রান তুলে দেন তিনি। শেষ বলে চার মেরে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাঠে তখন উচ্ছ্বাসের বিস্ফোরণ। সতীর্থদের আলিঙ্গন, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে মোহিতের উদ্‌যাপন— সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্ত।

গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে তিন উইকেটে হারের পর ফাইনালে এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ। আর এই নিয়ে নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দলও তারাই। পাকিস্তানকে হারিয়ে শুধু ট্রফি জেতেনি ভারতের তরুণরা, বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মও লড়াই করতে জানে। দাদাগিরি শুধু বড়দের একচেটিয়া নয়, ছোটরাও যে সেই ঐতিহ্য ধরে রাখতে পারে, আল আমেরাতের মাঠে তারই প্রমাণ মিলল।