দেশ

Indigo Flight Cancellations Refund: ইন্ডিগো-কে বাতিল উড়ানের টিকিটের টাকা ফেরত দিতে সময়সীমা বেঁধে দিল কেন্দ্র

শুক্রবারও সংস্থার এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছিল। শনিবারও বাতিল হওয়া উড়ানের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

Truth of Bengal: ইন্ডিগো (Indigo)-র পরিষেবা বিপর্যয়ের জেরে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হওয়ায় এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বাতিল হওয়া সমস্ত উড়ানের টিকিটের দাম রবিবার রাত ৮টার মধ্যে ফেরত দেওয়ার জন্য বেসরকারি বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে মন্ত্রক। গত পাঁচ দিন ধরে গোটা দেশে ইন্ডিগো-র বিমান পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। শুক্রবারও সংস্থার এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছিল। শনিবারও বাতিল হওয়া উড়ানের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এই লাগাতার বিভ্রাটে দেশের বিভিন্ন বিমানবন্দরে তৈরি হয়েছে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি।

এর আগে ইন্ডিগো কর্তৃপক্ষ নিজেরাই বাতিল হওয়া উড়ানের টিকিটের দাম ফেরত দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু এবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক চরম সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, রবিবার রাত ৮টার মধ্যে এই নির্দেশ কার্যকর না হলে সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রক একই সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে: উড়ান বাতিল হলে কোনো যাত্রী যদি নতুন উড়ানের টিকিট বুক করেন, তবে সেক্ষেত্রে যেন কোনো রিশিডিউলিং চার্জ চাপানো না হয়।

ইন্ডিগো-কে আলাদা করে প্যাসেঞ্জার সাপোর্ট এবং রিফান্ড-এর জন্য সহায়তা কেন্দ্র (Help Centre) খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংস্থা সরাসরি যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে হয় তাঁদের নতুন উড়ানের ব্যবস্থা করবে, নয়তো অবিলম্বে টিকিটের দাম ফেরত দেবে। মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইন্ডিগোর পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উড়ান বাতিল হলেই টিকিটের দাম রিফান্ড করার এই ব্যবস্থা চালু থাকবে।

Related Articles