খেলা

ইডেন টেস্ট শুরুর আগেই ছুটি চান কুলদীপ! বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত স্পিনার

গত আইপিএলের সময় ‘অপারেশন সিঁদুর’ প্রকল্পের কারণে টুর্নামেন্ট নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বিয়ের পরিকল্পনা পিছিয়ে যায়।

Truth Of Bengal: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই ছুটি চেয়ে বসলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। দলের প্রথম একাদশে থাকলেও নভেম্বরের শেষ সপ্তাহে ব্যক্তিগত কারণে ছুটি চান তিনি। এই মর্মে সরাসরি আবেদন করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কাছে। তবে তাঁর আবেদন এখনও মঞ্জুর করা হয়নি। সূত্রের খবর, কুলদীপের বিয়ে ঠিক হয়েছে নভেম্বরের শেষ দিকে। গত আইপিএলের সময় ‘অপারেশন সিঁদুর’ প্রকল্পের কারণে টুর্নামেন্ট নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বিয়ের পরিকল্পনা পিছিয়ে যায়। সব আয়োজন আগেই ঠিক থাকলেও বাধ্য হয়ে অনুষ্ঠান স্থগিত করতে হয়েছিল তাঁকে। এ বার আর দেরি করতে চাইছেন না এই বাঁ-হাতি স্পিনার। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই বিয়ে সারতে চান। যদিও তারিখ সামনে আসেনি।

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, বিয়ের জন্য কুলদীপ নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি চেয়েছে। দলে কখন তাকে প্রয়োজন হবে, তা বিবেচনা করে টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে ছুটি কবে থেকে দেওয়া যাবে।উল্লেখ্য, ঠিক সেই সময়ই ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজে কোনও টেস্টে সুযোগ পাননি কুলদীপ।

গৌতম গম্ভীর তাঁকে প্রায় শুধু সাদা বলের ক্রিকেটেই ব্যবহার করেছিলেন। প্রায় এক বছর পর গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ফেরেন তিনি। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও তাঁকে খেলানো হচ্ছে।কুলদীপ যাদবকে নিয়ে মোট চারজন স্পিনারে নেমেছে ভারত। তিনি তেম্বা বাভুমাকে ফিরিয়ে উইকেটের খাতা খুলেছেন।তাই কুলদীপের ছুটির আবেদন মঞ্জুর হবে কি না, সেটাই এখন দেখার।