দেশ

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুর্য কান্তের নাম প্রস্তাব

অবসরের আগে প্রথা মেনে তিনি নিজের উত্তরসূরির নাম সুপারিশ আকারে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠিয়েছেন।

Truth Of Bengal: ভারতের বর্তমান প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুর্য কান্ত-এর নাম কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব করেছেন। আগামী ২৩ নভেম্বর তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন। অবসরের আগে প্রথা মেনে তিনি নিজের উত্তরসূরির নাম সুপারিশ আকারে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠিয়েছেন।

প্রথা অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসাবে সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে থেকে বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। বর্তমান সময়ে প্রধান বিচারপতি গবইয়ের পরেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হলেন বিচারপতি সুর্য কান্ত। ফলে অনুমেয় ছিল যে প্রধান বিচারপতি গবই তিনিই প্রস্তাব করবেন। সেই অনুযায়ী সোমবার প্রথা মেনে কেন্দ্রীয় আইন মন্ত্রকে বিচারপতি কান্তের নাম সুপারিশ করা হয়েছে।

বিচারপতি সুর্য কান্ত সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হন ২০১৯ সালের ২৪ মে। সব কিছু ঠিক থাকলে, আগামী ২৪ নভেম্বর তিনি ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দেশের প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ প্রায় ১৪ মাস থাকবে। তিনি ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন।

বর্তমান প্রধান বিচারপতি গবই দায়িত্ব গ্রহণ করেন ২০২৩ সালের ১৪ মে। ছয় মাসের দায়িত্বকাল শেষে আগামী নভেম্বরে তিনি অবসর নেবেন এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন বিচারপতি কান্ত।

এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নেওয়ার ধারা অনুযায়ী তালিকায় রয়েছেন যথাক্রমে বিচারপতি বিক্রম নাথ, বিভি নাগরত্ন, পিএস নরসিংহ, জেবি পারদিওয়ালা, কেভি বিশ্বনাথন, জয়মাল্য বাগচী এবং বিপুল পাঞ্চোলি, যাদের কার্যকাল ধারাবাহিকভাবে নির্ধারিত রয়েছে।

বিচারপতি সুর্য কান্ত দেশের শীর্ষ আদালতে ন্যায়পরায়ণতা ও অভিজ্ঞতা নিয়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের কার্যক্রম আরও স্বচ্ছ ও দায়িত্বশীল হবে বলে আইনি মহলের আশা।

Related Articles