Stray Dogs: পথকুকুরদের নিয়ে নিষ্ক্রিয়তায় ৩ নভেম্বরের মধ্যে মুখ্যসচিবদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
গত অগস্টে দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট দেশজুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করে নির্দেশ দিয়েছিল রাস্তা থেকে পথকুকুরদের নির্দিষ্ট আশ্রয়ে নিয়ে গিয়ে বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
Truth of Bengal: পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ জারি হয়েছিল গত ২২ অগস্ট। কিন্তু দুই মাস কেটে গেলেও অধিকাংশ রাজ্য এখনও পর্যন্ত আদালতে কোনও হলফনামা জমা দেয়নি। সোমবার সেই গাফিলতির জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এন. ভি. আঞ্জারিয়ার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে সশরীরে হাজিরা দিয়ে জবাব দিতে হবে (Stray Dogs)।
গত অগস্টে দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট দেশজুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করে নির্দেশ দিয়েছিল রাস্তা থেকে পথকুকুরদের নির্দিষ্ট আশ্রয়ে নিয়ে গিয়ে বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরে সেই কুকুরগুলিকে আবার যেখান থেকে তোলা হয়েছিল, সেখানেই ফিরিয়ে দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, সব রাজ্যকে এই বিষয়ে বিস্তারিত হলফনামা জমা দিতে বলা হয়েছিল।কিন্তু আদালতে জানানো হয়, এতদিনে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা ও দিল্লি সরকারই হলফনামা জমা দিয়েছে। বাকিরা কোনও সাড়া দেয়নি। ফলে আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ‘ এখনও পর্যন্ত কোনও রাজ্য সরকার জবাব দেয়নি। আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দুই মাস সময় দেওয়া হয়েছিল, তবুও কোনও প্রতিক্রিয়া এল না।‘ পাশাপাশি পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা ও দিল্লির জমা দেওয়া হলফনামাগুলি এখনও নথিভুক্ত হয়নি, কারণ সেগুলি দীপাবলির ছুটির সময় জমা পড়েছে (Stray Dogs)।
উল্লেখ্য, দিল্লিতে সাম্প্রতিক সময়ে একাধিক পথকুকুরের কামড়ের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছিল। সেই কারণেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা শুনানি শুরু করে। প্রথমে আদালত দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুর সরানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু পরে সেই নির্দেশ সংশোধন করে বন্ধ্যাত্বকরণ ও পুনর্বাসনে জোর দেয়।আদালত আরও জানতে চায়, রাজ্যগুলি ২০২৩ সালের পশু জন্ম নিয়ন্ত্রণ আইন মেনে চলেছে কি না। কিন্তু বেশিরভাগ রাজ্যই আদালতের প্রশ্নে নীরব থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বেঞ্চ।সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ৩ নভেম্বর সব রাজ্যের মুখ্যসচিবদের আদালতে হাজির হয়ে নিজেদের অবস্থান জানাতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে কেন এখনো পর্যন্ত হলফনামা জমা দেওয়া হয়নি।সবমিলিয়ে, দেশের বিভিন্ন প্রান্তে পথকুকুর সংক্রান্ত পরিস্থিতি নিয়ে রাজ্যগুলির নিষ্ক্রিয়তায় তীব্র অসন্তোষ প্রকাশ করল শীর্ষ আদালত (Stray Dogs)।






