কলকাতা

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা! ফের কেন্দ্রের রিপোর্টে বাংলার স্বীকৃতি

প্রতি লক্ষ মানুষের মধ্যে কলকাতায় শাস্তিযোগ্য অপরাধের সংখ্যা ৮৩.৯, যা NCRB তালিকাভুক্ত ২০ লক্ষাধিক জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে সর্বনিম্ন।

Truth Of Bengal: দেশে ফের সবচেয়ে নিরাপদ শহরের খেতাব জিতল কলকাতা। সর্বশেষ জাতীয় অপরাধ নথি ব্যুরো (NCRB)-এর ২০২৩ সালের প্রতিবেদনে দেখা গিয়েছে, প্রতি লক্ষ মানুষের মধ্যে কলকাতায় সর্বনিম্ন শাস্তিযোগ্য অপরাধ নথিভুক্ত হয়েছে।

প্রতি লক্ষ মানুষের মধ্যে কলকাতায় শাস্তিযোগ্য অপরাধের সংখ্যা ৮৩.৯, যা NCRB তালিকাভুক্ত ২০ লক্ষাধিক জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে সর্বনিম্ন। প্রযুক্তির সুচিন্তিত ব্যবহার ও পুলিশি কার্যপ্রণালীর উন্নতকরণকে এর প্রধান কারণ বলে মনে করছেন শীর্ষ পুলিশকর্তারা।

অন্যদিকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে কোচি, যেখানে প্রতি লক্ষ মানুষের মধ্যে ৩,১৯২.৪ অপরাধ নথিভুক্ত হয়েছে। এরপরেই আছে দিল্লি (২,১০৫.৩) এবং সুরাত (১,৩৭৭.১)। অপর প্রান্তে দ্বিতীয় স্থানে হায়দরাবাদ (৩৩২.৩), তারপরে পুনে (৩৩৭.১) এবং মুম্বই (৩৫৫.৪)।

১৯টি শহরের গড় অপরাধের হার ২০২৩ সালে ছিল ৮২৮। টানা চার বছর ধরে কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহরের খেতাব ধরে রেখেছে। ২০২৩ সালের অপরাধের হার ২০২২ সালের (৮৬.৫) এবং ২০২১ সালের (১০৩.৫)-এর চেয়েও কম। ২০১৬ সাল থেকে ক্রমশ অপরাধের হার নেমে আসছে, যখন এই হার ছিল প্রতি লক্ষে ১৫৯.৬।

প্রতিবেদনে আরও দেখা গিয়েছে, টানা দ্বিতীয় বছরে কলকাতায় মোট অপরাধের সংখ্যা কমেছে — ২০২২ সালের ১২,২১৩ থেকে কমে ২০২৩ সালে হয়েছে ১১,৮৪৩। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৪,৫৯১।

নারীর বিরুদ্ধে অপরাধও কমেছে শহরে। ২০২৩ সালে ১,৭৪৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২২ সালের (১,৮৯০) এবং ২০২১ সালের (১,৭৮৩)-এর তুলনায় কম। প্রতি লক্ষ জনসংখ্যায় কলকাতায় নারীর বিরুদ্ধে অপরাধের হার ২৫.৭, যা দেশে তৃতীয় সর্বনিম্ন — চেন্নাই (১৭.৩) ও কোয়েম্বাটুরের (২২.৭) পরেই।

২০২৩ সালে শহরে ১০ জন প্রাপ্তবয়স্ক ধর্ষণের শিকার হয়েছেন। ২০২২ ও ২০২১ উভয় বছরেই এই সংখ্যা ছিল ১১। তবে নাবালিকা ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে ১৭২টি, যার ফলে ১৯টি শহরের মধ্যে কলকাতা ১০ম স্থানে রয়েছে। এছাড়া নাবালিকাদের যৌন হয়রানির ঘটনা নথিভুক্ত হয়েছে ৩৩টি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (II) শুভঙ্কর সিনহা রায় বলেন, “অপরাধ প্রতিরোধ ও সনাক্তকরণে অবকাঠামো তৈরি, জনবল বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, রাতের পুলিশি টহল এবং নাগরিকদের আইন মানার মানসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।”

রাজ্যের শিল্প ও মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা বলেন, “NCRB-এর তথ্য আমাদের দাবি প্রমাণ করে যে কলকাতা একটি নিরাপদ শহর এবং বিরোধীদের রাজনৈতিক দাবি মিথ্যা প্রমাণিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জোর দিয়েছেন যে অপরাধের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি মেনে চলা উচিত।”

এই নিয়ে সাকেত গোখলে বলেন, “টানা ৪ বছর কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে NCRB-এর তথ্য, তাই এটি আমাদের আত্মপ্রশংসা নয়। এই সাফল্যের পেছনে আছে মুখ্যমন্ত্রী @MamataOfficial-র দৃঢ় ও সিদ্ধান্তমূলক নেতৃত্ব। বিজেপি যতই বাংলাকে অপমান করার চেষ্টা করুক না কেন, সংখ্যাই আসল সত্যি বলে দিচ্ছে। অভিনন্দন ও কৃতজ্ঞতা @KolkataPolice-কে, তাঁদের অসাধারণ কাজের জন্য, যাঁরা আমাদের শহরকে নিরাপদ ও প্রাণবন্ত রাখেন।”

সাগরীকা  ঘোষও এই বিষয়ে পোস্ট করেছেন।

তবে NCRB-এর ২০২৩ সালের তথ্য বলছে, হত্যার ঘটনা কিছুটা বেড়েছে। শহরে ২০২৩ সালে খুনের ঘটনা ঘটেছে ৪৩টি, যা ২০২২ সালে ছিল ৩৪। তবে ২০২১ (৪৫) এবং ২০২০ (৫৩)-এর তুলনায় তা কম।

রাজ্য পর্যায়ে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের অপরাধের হার প্রতি লক্ষ জনসংখ্যায় ১৮১.৬, যা জাতীয় গড় ৪৩৩-এর তুলনায় অনেকটাই কম। পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে গিয়েছে ঝাড়খণ্ড (১৬১.১), নাগাল্যান্ড (৮৪.৯), সিকিম (১০৩.৯) ও মেঘালয় (১০৫.২)। পশ্চিমবঙ্গে ২০২৩ সালে ১,৬৮৬টি খুন এবং ২২৪টি হত্যাচেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে।

Related Articles