রাজ্যের খবর

কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী, লাভপুরে ফাটল এজেন্টের মাথা! ভোট প্রথমায় জেলায় জেলায় অশান্তি

পুলিশের সামনেই প্রার্থীকে ‘কিল-চড়-ঘুষি’! কুমারগঞ্জে শুভেন্দু সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগে তোলপাড়

Truth of Bengal: প্রথম দফার নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ, বিক্ষিপ্ত অশান্তিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বাংলা। এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে পুলিশের সামনেই বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সাঁইথিয়া এলাকায়।

কুমারগঞ্জে রণক্ষেত্র: নিগৃহীত বিজেপি প্রার্থী

বৃহস্পতিবার সকালে কুমারগঞ্জের বানিহারী উচ্চ বিদ্যালয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। তাঁর অভিযোগ, বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদ জানাতে গেলে একদল উন্মত্ত জনতা তাঁকে ঘিরে ধরে কিল, চড় ও ঘুষি মারতে শুরু করে। শুভেন্দু বাবুর দাবি, “পুলিশের সামনেই আমাকে মারা হয়েছে, আমার গাড়িও ভাঙচুর করা হয়েছে। সেখানে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না।”

পাল্টা অভিযোগে তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীই শান্তিপূর্ণ বুথে ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করছিলেন। তাঁর দলের কর্মী এবং পুলিশকেও তিনি দৌড় করিয়েছেন বলে অভিযোগ শাসক শিবিরের। তৃণমূলের মতে, এজেন্ট দিতে না পারার ব্যর্থতা ঢাকতেই এই ‘ড্রামা’ করছেন বিজেপি প্রার্থী।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

লাভপুরে রক্তপাত: এজেন্টের মাথা ফাটল

বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার নির্বাচনী এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে ভ্রমরকোল গ্রামে। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়া থানা এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। যদিও তৃণমূল এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে।

নির্বাচন কমিশন কুমারগঞ্জ ও লাভপুরের এই দুই ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আক্রান্ত এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

Related Articles