কলকাতা

ভোটের মুখে ফের সক্রিয় ইডি! রেশন দুর্নীতিতে ডাক পড়ল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ চাল ব্যবসায়ীর

সোমবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ পাঠানো হয়েছে

Truth of Bengal: নির্বাচন যত এগিয়ে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তৎপরতা যেন পাল্লা দিয়ে বাড়ছে। সোমবার শহর থেকে জেলা জুড়ে আবারও সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারও সেই পুরনো রেশন দুর্নীতি মামলার জল গড়িয়েছে অনেকটা দূর। জানা গিয়েছে এই মামলার প্রেক্ষিতে চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে ফের তলব করেছে ইডি। সোমবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ মহলের লোক এই বারিক বিশ্বাস।

এর আগেও ২০২৪ সালের আগস্ট মাসে এই ব্যবসায়ীর খোঁজে মাঠে নেমেছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় বারিকের বাড়ি ও একাধিক ফ্ল্যাটে হানা দিয়েছিলেন গোয়েন্দারা। সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছিল প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়াও তাঁর রাইস মিল থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডির দাবি রেশন দুর্নীতির বিপুল অংকের অর্থ লেনদেনের পেছনে এই ব্যবসায়ীর বিশেষ ভূমিকা থাকতে পারে। প্রভাবশালীদের সঙ্গে তাঁর যোগসূত্র নিয়েও দীর্ঘকাল ধরেই তদন্ত চালাচ্ছে সংস্থাটি।

নতুন করে বারিক বিশ্বাসকে তলবের পেছনে উঠে আসছে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। গোয়েন্দা সূত্রে খবর বারিকের বিরুদ্ধে প্রতিবেশী দেশ বাংলাদেশে গম পাচারের চেষ্টা চালানোর অভিযোগ জমা পড়েছে। এই পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং কাদের মাধ্যমে এই বিপুল পরিমাণ সামগ্রী সীমান্ত পার করানো হতো তা জানতেই মরিয়া ইডি। ভিনদেশের আর কোনো ব্যবসায়ীর সঙ্গে বারিকের গোপন চুক্তি ছিল কিনা তা সোমবারের জিজ্ঞাসাবাদে খতিয়ে দেখা হতে পারে।উল্লেখ্য যে এই প্রথম নয় এর আগেও সোনা এবং গরু পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের। একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি তাঁর সম্পত্তিতে হানা দিলেও এবার ভোটের আবহে রেশন দুর্নীতি কাণ্ডে তাঁকে তলব করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles