Mamata Banerjee: মনরেগার নাম বদল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
সভা থেকে ভোটার তালিকা সংশোধন ইস্যুর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।
Truth of Bengal: এসআইআর শুনানি পর্বকে সামনে রেখে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ ও বিএলএ-২দের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে ভোটার তালিকা সংশোধন ইস্যুর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। বিশেষ করে মহাত্মা গান্ধীর নামে থাকা মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে দেশের ইতিহাস ও ঐতিহ্য বদলে দেওয়ার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, ‘‘মহাত্মা গান্ধীর নামে ছিল ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগা। সেই নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। দেশটাকে কি ‘রাম নাম সত্য হে’ করে দিচ্ছে?’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।কেন্দ্রের মোদি সরকার সদ্য লোকসভা অধিবেশনে মনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কাজের দিনের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করার ঘোষণাও করা হয়েছে।
প্রকল্পের নাম থেকে গান্ধীজির নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে বিরোধী শিবির আগেই আপত্তি জানিয়েছিল। এবার নেতাজি ইন্ডোরের সভা থেকে সরাসরি সেই সিদ্ধান্তের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গান্ধীজির নাম মুছে ফেলার মাধ্যমে বিজেপি দেশের স্বাধীনতা সংগ্রাম ও ঐতিহ্যের স্মৃতিকে আড়াল করতে চাইছে। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, আদর্শগত লড়াইয়ের অংশ। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে কর্মীদের সতর্ক থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।





