রাজ্যের খবর

রহমত নগরে পাথর বৃষ্টি! কাঁচ ভাঙল অগ্নিমিত্রার গাড়ির, কাঠগড়ায় তৃণমূল

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর, হিরাপুর থানায় বিক্ষোভ

Truth of Bengal: প্রথম দফার ভোটের দিন উত্তপ্ত শিল্পাঞ্চল আসানসোল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোটের সকালে আসানসোলের রহমত নগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অগ্নিমিত্রা পালের অভিযোগ, তিনি যখন নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় ঘুরছিলেন, তখন রহমত নগর এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বিজেপি নেত্রীর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, অনেক জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর যথাযথ উপস্থিতি নেই, আর সেই সুযোগ নিয়ে শাসক দল অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।

ঘটনার পরেই অগ্নিমিত্রা পাল হিরাপুর থানায় পৌঁছান। যদিও তিনি কোনও আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করেননি, তবে থানার আধিকারিক বা ‘বড় বাবু’র কাছে বিষয়টি মৌখিকভাবে জানিয়ে ঘটনার প্রতিবাদ জানান। তাঁর দাবি, এই ধরনের হামলা করে বিজেপি কর্মীদের মনোবল ভাঙা যাবে না।

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি প্রার্থী নাটক করছেন এবং এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিরাপুর ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় টহল দিচ্ছে এবং নির্বাচন কমিশন এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে।