কলকাতারাজ্যের খবর

নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিচ্ছে পারদ, জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Truth Of Bengal: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের সাথেই পাল্লা দিয়ে বাড়ছে প্রকৃতি ও রাজনীতির উত্তাপ। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোট শুরু হয়েছে। তবে গণতন্ত্রের এই উৎসবের মাঝে সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এপ্রিলের তীব্র দাবদাহ। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। গত বুধবারের তুলনায় তাপমাত্রার পারদ সামান্য বাড়ায় এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ থাকায় শহরবাসীকে চরম অস্বস্তিকর গরমে নাজেহাল হতে হচ্ছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পরিস্থিতি আরও উদ্বেগের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করতে পারে। তবে এই দহনজ্বালা থেকে কিছুটা স্বস্তির বার্তা মিলেছে সপ্তাহান্তের জন্য। আগামী রবিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটাতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক অনেক বেশি মনোরম। প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভোটদাতারা স্বস্তিতেই ভোট দিতে পারছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা উত্তরের জেলাগুলোতে পরিবেশ আরও ঠান্ডা রাখবে।

Related Articles