কলকাতা

সল্টলেকে বিজেপির কার্যালয়ে ৪ ঘণ্টারও বেশি থেকে নির্বাচন পর্যবেক্ষণ করলেন অমিত শাহ

সেখানে থাকাকালীন সময় শ্রী শাহ দলীয় সাংগঠনিক ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করেন।

রাহুল চট্টোপাধ্যায়: রাজ্যের প্রথম দফা নির্বাচনের দিন বরিষ্ঠ বিজেপি নেতা তথা ভারতের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ চার ঘণ্টারও বেশি সময় ধরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে নিজে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করলেন। সকালে প্রায় ১০টায় ভারতীয় জনতা পার্টির সল্টলেক কার্যালয়ে চলে আসেন তিনি। দুপুর আড়াইটারও বেশি সময় পর্যন্ত সেখানে ছিলেন। সেখানে থাকাকালীন সময় শ্রী শাহ দলীয় সাংগঠনিক ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করেন।

তিনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের কার্যালয়ের প্রতিটি বিভাগ পরিদর্শন করে দলের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করেন, প্রতিটি ইউনিটের কাজ ও অবদান সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করেন। তিনি সকল কার্যকর্তা ও দপ্তরের কর্মচারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই গুরুত্বপূর্ণ নির্বাচনী পর্বে তাঁদের উৎসাহিত করেন। তিনি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটের পরিস্থিতি, কার্যকলাপ, ভোটদানের প্রবণতার বিষয় বিস্তারিত নজর রাখেন। পাশাপাশি, তিনি ওয়ার রুমের দলের সঙ্গে আলোচনা করে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কর্মীদের প্রয়োজনীয় কৌশলগত পরামর্শ প্রদান করেন।

পুরো সফর জুড়ে অমিত শাহ শৃঙ্খলাবদ্ধ কাজ, তৃণমূল স্তরের সমন্বয় এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেন। নির্বাচনী প্রক্রিয়ার উপর তাঁর প্রত্যক্ষ নজরদারি ও নির্দেশনা পশ্চিমবঙ্গে একটি নির্ণায়ক জনসমর্থন অর্জনের প্রতি দলের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তাঁর এই সফর ভারতীয় জনতা পার্টির সুসংগঠিত কাঠামো, লক্ষ্যভিত্তিক কৌশল, কার্যকর নির্বাচনী ব্যবস্থাপনার প্রতি অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।

Related Articles