কলকাতা

মোদি আসছেন কলকাতায়, নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল, কোন কোন রাস্তা বন্ধ?

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন।

Truth Of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে কেন্দ্র করে তিলোত্তমায় কড়া নিরাপত্তা ও যান চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট এবং তাঁর অবস্থানের কথা মাথায় রেখে ট্রামসহ সমস্ত ধরণের ব্যক্তিগত ও গণপরিবহন এবং পার্কিংয়ের ওপর প্রয়োজনমতো বিধিনিষেধ কার্যকর করবে কলকাতা পুলিশ।

পুলিশি বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাজভবনের (লোকভবন) সংলগ্ন এলাকাগুলোতে কোনও ভারী পণ্যবাহী যান প্রবেশ করতে পারবে না। বিশেষ করে, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্টের সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও বিবাদী বাগ সাউথের সংযোগস্থল পর্যন্ত রাস্তাটি নিরাপত্তার খাতিরে সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যানজট এড়াতে এবং ভিআইপি মুভমেন্ট মসৃণ রাখতে দুই দিনই নির্দিষ্ট সময়ের জন্য পণ্যবাহী গাড়ির ওপর কড়াকড়ি থাকবে। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত হাওড়া ব্রিজ, ব্রাবোর্ন রোড ফ্লাইওভার, ব্রাবোর্ন রোড এবং বিবাদী বাগ সংলগ্ন এলাকায় মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় হুগলি সেতু, রেড রোড, কেপি রোড, আরআর অ্যাভিনিউ এবং রাজভবনের দক্ষিণ গেটের আশপাশের রাস্তায় কোনো পণ্যবাহী যানবাহন ঢুকতে পারবে না। সাধারণ যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পুলিশ বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছে।

Related Articles