Rare Golden Monkeys: গোপন অভিযানে ধরা পড়ল বিরল বানর পাচারচক্র
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি বিরল প্রজাতির সোনালী বানর এবং বাজেয়াপ্ত হয়েছে দুটি গাড়ি।
Truth of Bengal: বিরল প্রজাতির প্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল ছয় পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি বিরল প্রজাতির সোনালী বানর এবং বাজেয়াপ্ত হয়েছে দুটি গাড়ি। আন্তর্জাতিক বাজারে এই বানরগুলির দাম প্রায় কোটি টাকারও বেশি বলে অনুমান পুলিশের (Rare Golden Monkeys)।
আরও পড়ুন: Florian Wirtz: রেকর্ড দামে লিভারপুলে যোগ দিলেন ফ্লোরিয়ান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ছয়জনই নদিয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের নাম – মিঠু দাস (৩৩), টিটু দাস (২৯), সামিল হোসেন বিশ্বাস (৩৯), রফিকুল মন্ডল (২৯), হাসিবুল মন্ডল (২৫), এবং বিশ্বজিৎ বাগ (২৩)। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতেই বেলডাঙা থানার পুলিশ অভিযান চালায় ভাবদা রেলগেট সংলগ্ন এলাকায়, ১২ নম্বর জাতীয় সড়কের কাছে। সেখানে উত্তরবঙ্গের দিক থেকে আসা দুটি সন্দেহভাজন গাড়িকে আটক করা হয়। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি মাঝারি আকৃতির সোনালী বানর (Rare Golden Monkeys)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা এই বিরল প্রজাতির বানরগুলি আন্তর্জাতিক বাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। প্রাণীগুলিকে পাচার করে বিপুল অঙ্কের টাকা লাভের পরিকল্পনা ছিল তাদের। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় বন আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। উদ্ধার হওয়া সোনালী বানরগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ধৃতদের শনিবার বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়। তাদের মধ্যে একজনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বেলডাঙা থানার পুলিশ। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে (Rare Golden Monkeys)।






