রাজ্যের খবর

অধীরের গড়ে পা রাখছেন রাহুল গান্ধী, ভোটের মুখে মুর্শিদাবাদে হাইভোল্টেজ ড্রামা

মুর্শিদাবাদে রাহুলের ‘মেগা শো’, প্রিয়াঙ্কাকে নিয়েও বড় পরিকল্পনা! প্রথম দফার আগেই কি খেল দেখাবে কংগ্রেস?

Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শেষমেশ বাংলার ময়দানে নামছেন রাহুল গান্ধী। কেরল, অসম ও পুদুচেরির ভোট মিটতেই এবার পশ্চিমবঙ্গের দিকে নজর দিয়েছে এআইসিসি (AICC)। মঙ্গলবার, ১৪ এপ্রিল অধীররঞ্জন চৌধুরীর গড় মুর্শিদাবাদ থেকেই নিজের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ওই দিন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে একটি মেগা জনসভা করার কথা রয়েছে তাঁর।

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, শুধু রাহুল নন, প্রচারে আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধীও। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। ওই দফাতেই মালদহ ও মুর্শিদাবাদের ভাগ্য নির্ধারণ হবে। তাই প্রথম দফার প্রচারের অন্তিম পর্বে, অর্থাৎ ১৮ থেকে ২১ এপ্রিলের মধ্যে মালদহ ও মুর্শিদাবাদে রাহুল-প্রিয়াঙ্কার জন্য একাধিক সভার পরিকল্পনা করে রাখা হয়েছে। বহরমপুরে অধীরের হয়েও রোড-শো বা প্রচার করতে পারেন গান্ধী ভাই-বোন। এখন কেবল দিল্লি থেকে সবুজ সঙ্কেত আসার অপেক্ষা।

গত লোকসভা নির্বাচনে রাহুলের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়েছিল। কিন্তু বিধানসভা ভোটে কংগ্রেস হাইকম্যান্ড যে বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তা মল্লিকার্জুন খাড়গের কলকাতা সফর এবং রাহুলের আসন্ন জনসভাতেই স্পষ্ট। বামেদের সঙ্গে কোনও আসন সমঝোতা না করে এবার একক শক্তিতে লড়াই করছে কংগ্রেস। গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে প্রদেশ কংগ্রেসের ইস্তাহার। রাজনৈতিক মহলের মতে, রাহুল-প্রিয়াঙ্কা ময়দানে নামলে লড়াইয়ে বাড়তি অক্সিজেন পাবে হাত শিবির।

বাংলার ভোটবাজারে বাম-তৃণমূল-বিজেপির ত্রিমুখী লড়াইয়ের মাঝখানে কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া। বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু প্রধান জেলাগুলিতে রাহুল গান্ধীর জনপ্রিয়তাকেই হাতিয়ার করতে চাইছেন অধীর চৌধুরী ও শুভঙ্কর সরকাররা। এখন দেখার, ওয়েনাড় থেকে আসা রাহুলের ‘ম্যাজিক’ গঙ্গার পাড়ে কতটা কাজ করে।

Related Articles