বকেয়া ডিএ মেটাতে তৎপরতা: আগামীকালই রিপোর্ট জমার চূড়ান্ত সময়সীমা দিল নবান্ন
সোমবারের মধ্যেই এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে
Truth Of Bengal: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। যে সমস্ত স্তরের কর্মীরা এখনও বকেয়া ডিএ পাননি, তাঁদের টাকা প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রতিটি সংশ্লিষ্ট দফতরকে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ বা এসওপি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল অর্থাৎ সোমবারের মধ্যেই এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া ভাতার কিস্তি পেলেও শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং পুর ও পঞ্চায়েত দফতরের কর্মীরা এখনও তা পাননি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১ এপ্রিল থেকে এই প্রক্রিয়া নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোন পদ্ধতিতে এবং কত সময়ের মধ্যে এই বকেয়া টাকা মেটানো হবে, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে।
ইতিমধ্যেই উচ্চশিক্ষা দফতর ও স্কুল শিক্ষা দফতরকে তাদের অধীনস্থ কর্মীদের বিস্তারিত তথ্য এবং সম্ভাব্য খরচের হিসেব জমা দিতে বলা হয়েছে। যদিও বর্তমানে ভোটের কাজের ব্যস্ততার কারণে রিপোর্ট তৈরিতে কিছুটা দেরি হচ্ছে বলে সূত্র মারফত জানা গেছে। তবে অর্থ দফতরের কড়া নির্দেশের পর আশা করা হচ্ছে, আগামীকালের মধ্যেই বকেয়া ডিএ প্রদানের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হয়ে যাবে।






