রাতভর রুদ্ধশ্বাস অভিযান! পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার ১২ শ্রমিক
প্রথমে খনি কর্তৃপক্ষের তরফে উদ্ধারের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
Truth of Bengal: পাণ্ডবেশ্বরের কয়লা খনিতে রাতভর রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। অবশেষে মঙ্গলবার ভোরে খনির গভীরে আটকে পড়া ১২ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার বিকেলে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি এ কোলিয়ারিতে কাজ করতে গিয়ে প্রায় ২০০ ফুট গভীরে ডুলিতে আটকে পড়েন শ্রমিকরা। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
প্রথমে খনি কর্তৃপক্ষের তরফে উদ্ধারের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এরপর খনি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয় অভিযান। খনির গভীরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ রাখা হয়। তাঁদের কাছে পাঠানো হয় জল ও শুকনো খাবার। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ সকলকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার অভিযানের উপর নজর রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল এবং আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার। উদ্ধারকাজে সহযোগিতা করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জেলা প্রশাসন, পুলিশ, খনি কর্তৃপক্ষ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় সফল হয় অভিযান।
শ্রমিকদের উদ্ধার করা গেলেও এই ঘটনায় খনির গভীরে নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য আরও নজরদারির দাবি জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।



