শান্তিপুরের বড়বাজারে ভয়াবহ আগুন, বহু দোকান পুড়ে ক্ষতি লক্ষাধিক
আগুন প্রথম নজর পড়ে স্থানীয়দের। সঙ্গে সঙ্গেই দমকল বিভাগে খবর দেওয়া হয়।
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার শান্তিপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়াল বড়বাজার এলাকায়। গভীর রাতে আচমকাই বাজারের আলু–পেঁয়াজ সহ সবজি বিক্রেতাদের অংশের একাধিক দোকানে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
আগুন প্রথম নজর পড়ে স্থানীয়দের। সঙ্গে সঙ্গেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়ংকর রূপ নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারের কয়েকটি দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায়। আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজিসহ প্রচুর মালপত্র নষ্ট হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় পুলিশ। দমকল কর্মী ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারটি অত্যন্ত পুরোনো এবং ঘিঞ্জি—অলি–গলিতে সারি সারি দোকান থাকার কারণে আগুন আরও বড় বিপদ ডেকে আনতে পারত।স্থানীয়দের মতে, আগুন যদি আরও কিছুক্ষণ নিয়ন্ত্রণের বাইরে থাকত, তাহলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। তবে দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেই মনে করছেন সবাই।






