বিনোদন

রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েল মল্লিকের, এবার কি বিজেপির পথে তারকা সাংসদ?

বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে তিনি আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন

Truth of Bengal: সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে তিনি আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন। তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯।কোয়েলের ইস্তফাকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, সাংসদ পদ ছাড়ার পরই তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, তবে কি এবার বিজেপির পথে পা বাড়াতে চলেছেন অভিনেত্রী?

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে আগে সরাসরি কোনও রাজনৈতিক যোগ ছিল না। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই কোয়েলকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়। শেষ পর্যন্ত ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন কোয়েল। সাংসদ হওয়ার পর তাঁকে বিধানসভা নির্বাচনের প্রচারেও সক্রিয়ভাবে দেখা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করেছিলেন তিনি। যদিও সাংসদ নির্বাচিত হওয়ার পর সংসদের কোনও অধিবেশনে তাঁকে যোগ দিতে দেখা যায়নি।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর দলে পদত্যাগের হিড়িক শুরু হয়। জুনের গোড়াতেই রাজ্যসভার সাংসদ পদ থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সেই সময় কোয়েলও ইমেলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে ইমেলে পাঠানো সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি রাজ্যসভার চেয়ারম্যান। নিয়ম মেনে সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। যদিও সঙ্গে সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেননি কোয়েল। এর মধ্যে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন তিনি। সেখানে কিছুদিন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন অভিনেত্রী।

Related Articles