কলকাতারাজ্যের খবর

Weather Alert: শক্তি হারাল ‘মন্থা’, কিন্তু রেহাই নেই! গভীর নিম্নচাপের জেরে সপ্তাহজুড়ে দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

যদিও ঘূর্ণিঝড়টির সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না, তবুও এর পরোক্ষ প্রভাবে বাংলা জুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি হারিয়ে মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর বুধবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, এই নিম্নচাপ ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের কাছাকাছি রয়েছে এবং এটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। যদিও ঘূর্ণিঝড়টির সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না, তবুও এর পরোক্ষ প্রভাবে বাংলা জুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

‘মন্থা’-র পরোক্ষ প্রভাব উত্তরবঙ্গেও পড়বে। রবিবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেমি) হতে পারে। এছাড়াও দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা থাকবে এবং আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানা গিয়েছে, তবে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গরম কিছুটা কমলেও শীত জাঁকিয়ে নামতে এখনও দেরি আছে। আবহাওয়ার উন্নতি হলে, সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। তবে কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে, সে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আবহাওয়ার উন্নতি শুরু হবে সোমবার থেকে।

Related Articles