কলকাতারাজ্যের খবর

অফিসযাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দিনভর বৃষ্টির দাপট, স্বস্তির আড়ালে বাড়ছে চিন্তা

বিকেলের পর থেকে দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

Truth Of Bengal: সকাল থেকেই কলকাতার আকাশ ঘন কালো মেঘে ঢাকা, সঙ্গে চলছে ঝিরঝিরে বৃষ্টি। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত। বিকেলের পর থেকে দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা কমায় গরমে স্বস্তি মিললেও, চরম দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রীরা। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, বৃহস্পতিবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং যেকোনো সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখার অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই এই অকাল বর্ষণ।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং উইকেন্ডে তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Related Articles