অসাধ্য সাধন! কোলে নবজাতক, হাসপাতালের বেডে বসেই উচ্চ মাধ্যমিক দিলেন সাগরদিঘির অদম্য ছাত্রী
সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের বেডে বসেই তিনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় অংশ নেন।
Truth of Bengal: সন্তান প্রসবের কয়েকঘণ্টা পরই দিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির এক ছাত্রী। বুধবার রাতে সন্তানের জন্ম দেওয়ার পরের দিনই, অর্থাৎ বৃহস্পতিবার, সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের বেডে বসেই তিনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় অংশ নেন।ওই ছাত্রী সাগরদিঘি গার্লস স্কুলের শিক্ষার্থী। তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল সাগরদিঘি মেঘা সিয়ারা স্কুলে।
মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্যোগ নেওয়া হয় যাতে তাঁর পরীক্ষা ব্যাহত না হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে তড়িঘড়ি তৃণমূল নেতৃত্ব হাসপাতালে পৌঁছে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে। হাসপাতাল কর্তৃপক্ষও এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদান করে।চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করে হাসপাতালের একটি নির্দিষ্ট কক্ষে পরীক্ষার আয়োজন করা হয়। জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যেও শিক্ষার প্রতি তাঁর অদম্য ইচ্ছাশক্তি এলাকায় প্রশংসা কুড়িয়েছে।






