বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের খেল! চলতি সপ্তাহজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি
বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে
Truth of Bengal: দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর গরমের দাপট খানিকটা কমিয়ে স্বস্তির পরশ এনে দিয়েছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ওপর সক্রিয় জোড়া ঘূর্ণাবর্তের জেরে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর।
বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আজ নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। যদিও বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমবে, তবুও উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।






