Mirung Village: পাইন বন, কুয়াশা আর কাঞ্চনজঙ্ঘা! শহুরে কোলাহল ছেড়ে সপ্তাহান্তে ঘুরে আসুন এই জায়গায়
কালিম্পং জেলায় প্রায় ৪৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান।
Truth of Bengal: কালিম্পংয়ের এক ছবির মতো সাজানো গোছানো অফবিট পর্যটন কেন্দ্র হল মাইরুং গাঁও। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাইরুং গাঁওতে এলে আর ফিরতে ইচ্ছে করবে না ইট-কাঠ পাথরের, কনক্রিটের দুনিয়ায়। কালিম্পং জেলায় প্রায় ৪৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। ১৯৮৬ সালে জাতীয় উদ্যানের খেতাব পায় নেওড়া ভ্যালি। এই উদ্যানের আশপাশে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। নেওড়া ভ্যালি উদ্যানের কোলে লোকচক্ষুর আড়ালে রয়েছে মাইরুং গাঁও। মাইরুং জঙ্গলের কোলে আলাগড় থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। নামের মতোই মায়াবী এই মাইরুং গাঁও।
পাইন বনের আলো আঁধারি কুয়াশার মতোই ছোট্ট জনবসতির ইতিহাসও রহস্যেমোড়া। বেশ কিছু শতাব্দী প্রাচীন ঘরবাড়ি, গির্জা, বৌদ্ধমঠ রয়েছে। পাখির কলরব শুনতে শুনতে হেঁটে যেতে পারেন নির্জন পাহাড়ি আঁকাবাঁকা পথে। ২টি প্রচলিত ট্রেক রুট ডুকা ফলস, রিকিসুম ভিউ পয়েন্ট ছাড়াও গ্রামের পাহাড়ি পাকদণ্ডী রাস্তায় হাঁটাহাঁটি করা যায়।অলস ছুটি কাটাতে বিছানায় শুয়েই বিস্তৃত ডুকা উপত্যকার ওপাড়ে বরফাচ্ছাদিত নাথু লা শৃঙ্গ ও কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখে উপভোগ করতে পারেন। সবুজে ছাওয়া মাইরুং গাঁওতে এলে নাম না জানা অসংখ্য প্রজাতির পাখির দেখা মেলে। দেখা মিলবে রডোডেনড্রনেরও। গ্রামের বাসিন্দারা অতিথিবৎসল ও আমুদে।
কীভাবে যাবেন
নিউ জলপাইগুড়ি থেকে ৯১ কিলোমিটার দূরে অবস্থিত মাইরুং গাঁও। সময় লাগে ঘণ্টা চারেক। কালিম্পং টাউন থেকে ২১ কিলোমিটার দূরে। আলাগড় বাজার থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত মাইরুং গাঁও।






